চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে চন্দ্রা শর্মা নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী জাকির হোসেন সোসাইটির একটি ভবনে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
৩৬ বছর বয়সী চন্দ্রা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ৩৫তম বিসিএস-এ পাস করে তিনি শিক্ষা ক্যাডারে যোগ দিয়েছিলেন। তার স্বামী মলয় কান্তি শর্মা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান আগামীর সময়কে বললেন, ‘বাসায় শুধু স্বামী-স্ত্রী থাকতেন। সন্তান নেই। গত রাতে স্বামী বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। ডাকাডাকির পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে বেডরুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।’
‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে মহিলা আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হচ্ছে।