মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা ও তার অনুসারীদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড সম্পর্কে আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে আবারও সতর্ক করেছে ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। প্রতিষ্ঠানটির মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী এক জরুরি বার্তায় স্পষ্ট করেছেন, তার সাম্প্রতিক বক্তব্য সামগ্রিকভাবে তাবলিগ জামাতের বিরোধিতা নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির বিতর্কিত মতাদর্শ ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে উম্মাহকে সতর্ক করার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত সোমবার (২৩ নভেম্বর) বুখারি শরিফের দরস চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে সতর্কবার্তা দেন মুফতি আবুল কাসেম নোমানী। তবে তার বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট না বুঝে কেউ কেউ এটিকে পুরো তাবলিগ জামাতের বিরুদ্ধে বক্তব্য হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি ও বিতর্ক এড়াতে পরবর্তী সময়ে এক জরুরি বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম।
দরসে দেওয়া সতর্কবার্তা দরসে দেওয়া বক্তব্যে মুফতি আবুল কাসেম নোমানী বলেছিলেন, আট-নয় বছর মাদরাসায় দ্বীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে বের হন, তাদের মনে রাখা উচিত যে মা-বাবার সেবা করাও এক ধরনের জিহাদ। শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে দ্বীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
জরুরি বার্তায় দেওবন্দের অবস্থান পরবর্তী জরুরি বার্তায় মুফতি নোমানী দাবি করেন, গত দেড় মাসে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারী ৫০ জনের বেশি সাথী নিয়ে একটি জামাত দারুল উলুম দেওবন্দে আসে। তারা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে এবং সম্মানিত শিক্ষকদের মর্যাদা সম্পর্কে অনুপযুক্ত মন্তব্য করেছে। এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে।
মুফতি নোমানী আরো বলেন, গত ৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদ সাহেবের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি ও ফোন আসছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মাওলানা সাদ সাহেবের যেসব চিন্তাধারা ও বক্তব্য সম্পর্কে দারুল উলুম দেওবন্দ আপত্তি জানিয়েছিল, সাম্প্রতিক বক্তব্যে সেগুলো আবারও তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা এবং এসব বিতর্কিত মতাদর্শের প্রচারে বাইআত নেওয়ার বিষয়টিও অত্যন্ত উদ্বেগজনক।
বিতর্কিত বক্তব্যের সমালোচনা ও আলেমদের প্রতি আহ্বান বার্তায় মুফতি নোমানী উল্লেখ করেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না কিংবা মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সুন্নতবিরোধী বলে যে ধারণা প্রচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলেমরা সংশোধনের চেষ্টা ও নসিহত করলেও বিতর্কিত মতাদর্শের ব্যাপারে অনড় মনোভাব দেখা যাচ্ছে।
এ অবস্থায় প্রত্যেক আলেম, মাদরাসার মুহতামিম ও শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এসব বিষয়ে সচেতন করা। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য মাওলানা সাদ সাহেবের বক্তব্য শোনা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।
মুফতি নোমানী আরও জানান, কোনো খণ্ডিত ভিডিও ক্লিপের ভিত্তিতে নয়; বরং মাওলানা সাদ সাহেবের পূর্ণাঙ্গ বক্তব্য যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পরই দারুল উলুম দেওবন্দ নিজেদের অবস্থান নির্ধারণ করেছে। এ-সংক্রান্ত যাবতীয় ঘটনা, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থেকে আট খণ্ডে সংকলন করে প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে রাখা হয়েছে।
বার্তার শেষাংশে তিনি বলেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত ও ত্যাগের ফসল। দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং দ্বীনের হেফাজত ও আকাবিরদের নীতিমালা সংরক্ষণের স্বার্থেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।