ইউটিউব দেখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে বাসায় কারখানা গড়ে তুলেছিলেন এক তরুণ। অবশেষে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা-পুলিশের অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার তৌহিদুল আলম আকিব পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকার জাহাঙ্গীর আলম ও রুবি আক্তার দম্পতির ছেলে। তিনি বর্তমানে হাটহাজারী উপজেলার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার ‘সাজেদা ম্যানশন’-এর চতুর্থ তলার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার পিএসআই প্রসেনজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টহল দল কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি ফিলিং স্টেশনের সামনে তৌহিদুলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে দুটি ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে এসআই মো. ফরহাদ মহিম, এসআই মো. ইমাম হোসেন ও এএসআই মো. মমতাজ আলমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তৌহিদুল তার কুয়াইশের ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন।
পরে তাকে সঙ্গে নিয়ে সাজেদা ম্যানশনের চতুর্থতলার বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম হিসেবে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং বড়ির সঠিক আকার নির্ধারণের জন্য ব্যবহৃত একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তৌহিদুল জানান, তিনি ইউটিউবে ভিডিও দেখে এবং চ্যাটজিপিটির সহায়তা নিয়ে ইয়াবা তৈরির ফর্মুলা ও কৌশল শেখেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিনটি কিনে এনে নিজ বাসায় স্থাপন করেন এবং বাণিজ্যিকভাবে তা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে আকিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ।