Image description

রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে ব্যবসায়ী, ভ্রাম্যমাণ বিক্রেতা ও পরিবহন চালকদের কাছ থেকে প্রতিদিন প্রায় ২ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই চাঁদাবাজির নেটওয়ার্ক চিহ্নিত করেছে পুলিশ। কারা টাকা আদায় করেন, কারা এর ভাগ পান, সব তথ্যও রয়েছে পুলিশের হাতে। এরপরও নির্বিঘ্নে চলছে চাঁদাবাজি।

পুলিশের এক প্রতিবেদনে কারওয়ান বাজারকে ২৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কোন এলাকা থেকে কত টাকা চাঁদা ওঠে, কারা তা আদায় করেন এবং কোন রাজনৈতিক নেতারা ভাগ পান, প্রতিবেদনে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। তবে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে পণ্য নিয়ে আসা ট্রাক, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস স্ট্যান্ড ও রাস্তার পাশের দোকান থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দিয়ে তাদের ব্যবসা চালানোর সুযোগ নেই। এই বাড়তি খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত করেন তারা। ফলে শেষ পর্যন্ত চাঁদার টাকা দিতে হয় সাধারণ ক্রেতাদের।

বাজারের কিছু দোকান থেকে মাসে একবার, আবার কিছু দোকান থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হয়। বাজারের ভেতরের বিক্রেতাদের প্রতিদিন ৫০০ থেকে ৬৫০ টাকা দিতে হয়। মাসে এই অঙ্ক দাঁড়ায় ১৫ থেকে ২০ হাজার টাকা। সব মিলিয়ে কারওয়ান বাজার থেকে প্রতিদিন প্রায় ২ কোটি টাকা চাঁদা ওঠে বলে ধারণা করা হচ্ছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক রিপন কুমার মণ্ডল টাইমসকে বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।

তিনি বলেন, ‘এ ধরনের চাঁদাবাজি দ্রব্যমূল্য বাড়ার অন্যতম কারণ। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও সরাসরি বেড়ে যাচ্ছে।’

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক জানান, গত ১ অক্টোবর দ্রব্যমূল্য সংক্রান্ত এক সভায় ব্যবসায়ীরা চাঁদাবাজির বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁদার টাকা পুষিয়ে নিতে তারা পণ্যের দাম বাড়িয়ে দেন।’

পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চাঁদাবাজির বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করেননি। টাইমসকে তিনি বলেন, ‘আমরা কঠোর নজরদারি রাখছি। চাঁদাবাজির সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, মাঠপর্যায়ে যারা সরাসরি টাকা তোলেন, তাদের বলা হয় ‘লাইনম্যান’। ব্যবসায়ীরা সাধারণত এই লাইনম্যানদের চেনেন। আদায় করা টাকার সর্বোচ্চ ১০ শতাংশ পান তারা। বাকি টাকা স্থানীয় রাজনৈতিক কর্মী, নেতা ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের কাছে যায় বলে অভিযোগ রয়েছে।

তবে চাঁদাবাজির সঙ্গে পুলিশ প্রশাসনের কারও জড়িত থাকার বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

কারওয়ান বাজারের এক পাইকারি ব্যবসায়ী (আড়তদার) টাইমসকে বলেন, বিগত সব সরকারের আমলেই ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়েছে।

তিনি বলেন, ‘আগে দলীয় তহবিলের কথা বলে টাকা চাইত। এখন বাজার কমিটি বা লাইনম্যানের খরচের কথা বলে। আমরা চাঁদাবাজিকে ব্যবসার অংশ হিসেবেই মেনে নিয়েছি। যা-ই ঘটুক, কারওয়ান বাজারে চাঁদাবাজি কখনো বন্ধ হবে না।’

চাঁদা না দিয়ে ব্যবসা করার সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘টাকা না দিলে আড়তের সামনে ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়। ট্রাক থেকে মাল নামাতেও বাধা দেওয়া হয়। আমরা পুরোপুরি অসহায়।’

কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচের এক চা দোকানি জানান, চাঁদা না দিলে কোনো হকারকে সেখানে দোকান বসাতে দেওয়া হয় না। পেট্রোবাংলার বিপরীত পাশের এক চা বিক্রেতা বলেন, তার সারির প্রতিটি দোকান থেকে মাসে ৫ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়।

 

পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, তাদের প্রতিদিন ৫০০ থেকে ৬৫০ টাকা দিতে হয়। রাতে পণ্য কিনতে আসা ক্রেতাদের কাছ থেকেও অল্প অঙ্কের টাকা নেওয়া হয়। কেউ চাঁদা দিতে না চাইলে কেনা মালামাল নিয়ে বাজার থেকে বের হতে বাধা দেওয়া হয়।

গত জানুয়ারিতে যুবদলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের তদন্তে চাঁদাবাজির এই নেটওয়ার্কের তথ্য সামনে আসে। তদন্তকারীরা জানতে পারেন, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ ওই হত্যাকাণ্ডের অন্যতম কারণ ছিল।

এক বাজার থেকেই মাসে ২০ লাখ টাকা

পুলিশের প্রতিবেদনে এনায়েত নামের এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি কারওয়ান বাজারের কিচেন মার্কেট থেকে মাসে ১৮ থেকে ২০ লাখ টাকা চাঁদা তোলেন। এই টাকার একটি অংশ রহমান নামের এক নেতাসহ বিএনপির কয়েকজন নেতার কাছে যায় বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বড় চার মাথা মোড় থেকে প্রিন্স হোটেল পর্যন্ত সড়ক থেকে প্রতিদিন ১ থেকে দেড় লাখ টাকা চাঁদা ওঠে। প্রতি ১৫ দিন পরপর এই টাকা বিএনপির নেতাদের হাতে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।

প্রিন্স হোটেল, কামারপট্টি ও মাছের বাজার এলাকা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদা ওঠে। এর বেশির ভাগই সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ারের কাছে যায় বলে অভিযোগ রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। তবে আনোয়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

টাইমসকে তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে কারওয়ান বাজারে যাই না। চাঁদাবাজিতে আমার জড়িত থাকার কোনো প্রমাণ থাকলে তা দেখানোর জন্য সবাইকে চ্যালেঞ্জ করছি। কেউ প্রমাণ দিতে পারলে আমি তা মেনে নেব।’

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, তাকে হেয় করতে রাজনৈতিক উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হতে পারে।

পুলিশের প্রতিবেদনে বাজারের আরও কয়েকটি বড় চাঁদা আদায়ের স্থানের তথ্য রয়েছে।

চারুলতা রেস্তোরাঁর পাশ দিয়ে মেট্রোরেল স্টেশনমুখী সড়ক থেকে প্রতিদিন ৩০ হাজার টাকা চাঁদা ওঠে। প্রগতি ভবন থেকে পূবালী ব্যাংকের মাঝের দোকানগুলো থেকে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আদায় করা হয়। প্রগতি ভবন থেকে সিটি করপোরেশন অফিসের মাঝের ১০টি দোকানের প্রতিটি থেকে মাসে নেওয়া হয় ৪০ হাজার টাকা। ওয়াসা গলির দোকানগুলো থেকেও মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আদায় করা হয়।

মিঠু নামের এক ব্যক্তি প্রাণ কোম্পানির পণ্যবাহী গাড়ি থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আবু সাঈদের প্লট থেকে নবী সোলায়মানের প্লটের মাঝের ১৫টি দোকানের প্রতিটি থেকে মাসে ৪৫ হাজার টাকা করে নেওয়া হয়। ইত্তেফাক গলি থেকে মাসে ৫ থেকে ৬ লাখ টাকা চাঁদা ওঠে।

জানা গেছে, তাজু নামের এক ব্যক্তি ও তার বড় ভাই সেখানে টাকা তোলেন। রাসেল নামের এক ব্যক্তি পুরো গলি নিয়ন্ত্রণ করেন। রাতে প্রায় ৩০ থেকে ৩৫ জন ব্যবসায়ী ওই এলাকায় কৃষিপণ্য নিয়ে আসেন। সকাল পর্যন্ত চলে বেচাকেনা।

এরশাদ ভবন থেকে রেললাইন পর্যন্ত ফলপট্টি এলাকা থেকে মাসে ১০ লাখ টাকা চাঁদা ওঠে। হোটেল লা ভিঞ্চির সামনের ১২টি ডাবের দোকান থেকে সব মিলিয়ে ২ থেকে আড়াই লাখ টাকা নেওয়া হয়।

দেশি ফলপট্টির ২৫ থেকে ৩০টি দোকানের প্রতিটি থেকে মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আদায় করা হয়। কামারপট্টির দোকানগুলো থেকে নেওয়া হয় মাসে ৪০ হাজার টাকা করে।

পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছোট মাছের বাজার থেকে মাসে ১ লাখ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় কাঠপট্টি থেকে ২ লাখ টাকা চাঁদা ওঠে। ডিআইটি মার্কেটের ১ নম্বর গলির সাতটি দোকানের প্রতিটি থেকে নেওয়া হয় ১০ হাজার টাকা করে।

প্রধান মাছবাজার থেকে মাসে ১৮ থেকে ২০ লাখ টাকা চাঁদা ওঠে। এই টাকার ভাগ পান বলে অভিযোগ রয়েছে জননী বাবুল ও ফখরুল ইসলাম রবিন নামের দুই ব্যক্তি। তবে সরাসরি টাকা আদায়কারীদের তালিকায় তাদের নাম নেই।

ইলেকট্রিক মার্কেট-২-এর পশ্চিম পাশ থেকেও মাসে ১২ থেকে ১৩ লাখ টাকা চাঁদা ওঠে।

চা বিক্রেতা থেকে পরিবহন চালক, কেউ রেহাই পান না

চাঁদাবাজির বিস্তার পাইকারি বাজারের বাইরেও রয়েছে। রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন চালকরাও এর শিকার হচ্ছেন।

বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে কারওয়ান বাজারের মাঝের ফুটপাতের ১০০ থেকে ১২০টি দোকানের প্রতিটি থেকে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা নেওয়া হয় বলে জানা গেছে। সোনারগাঁও সিগন্যাল থেকে পেট্রোবাংলার মাঝের আরও ১৫ থেকে ২০টি দোকান থেকে মাসে ৮ থেকে ১৫ হাজার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ ভ্যানের দোকানগুলো থেকে প্রতিদিন নেওয়া হয় ৩০০ থেকে ৪০০ টাকা।

পেট্রোবাংলার সামনের সড়কের দুই পাশের প্রতিটি চা দোকান থেকে মাসে ৫ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়।

হাতিরঝিল হয়ে যাত্রী পরিবহনকারী সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড থেকে প্রতিদিন ৪ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। প্রতিটি মাইক্রোবাস থেকে নেওয়া হয় ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

পেট্রোবাংলা ও টিসিবি ভবনের মাঝের কাঠপট্টির দোকানগুলো থেকে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। বিআরডিবি ভবনের সামনের ফুটপাতের রাতের অস্থায়ী দোকানগুলো থেকে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা চাঁদা ওঠে।

বাপেক্সের সামনের ফুটপাত থেকে প্রতি রাতে ৫০ থেকে ৬০ হাজার টাকা আদায় করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চারুলতা রেস্তোরাঁর সামনের অস্থায়ী শাকসবজি ও ফলের দোকানগুলো থেকে প্রতিদিন ১ লাখ টাকার বেশি চাঁদা ওঠে।

দিনের বেলায় এসব দোকানে ফল ও সবজি বিক্রি হয়। রাতে ট্রাক থেকে পণ্য ওঠানো-নামানোর সময় জায়গাগুলো পাইকারি সবজির আড়তে পরিণত হয়। এখানে দিনে একবার, রাতে আরেকবার, মোট দুই দফায় চাঁদা আদায় করা হয়।