Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ও সংঘর্ষে পুরো পল্লী বিদ্যুৎ ও এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। অপরদিকে আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে পাল্টা আক্রমণ করে ম্যাজিষ্ট্রেটের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ নামক কারখানার সামনে জড়ো হতে থাকে। পরে তারা বিভিন্ন শ্লোগান দিয়ে সকাল ৯টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে একদল উচ্ছৃঙ্খল যুবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং সড়কে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও বিজিবি সদস্যরা পাল্টা অ্যাকশনে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্রে পরিনত হয় । আতঙ্কে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

সংঘর্ষ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

মাটিকাটা এলাকার মোশারফ হোসেন জানান, সকাল রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য মোটরসাইকেলে অগ্নিসংযোগ কালে মুশফিক (২৩) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত মুশফিক নেত্রকোনার বাসিন্দা।

শ্রমিক নেতা দেওয়ান জসীম উদ্দিন বলেন, ৫ আগষ্টের পরে বিভিন্ন এলাকা থেকে আত্মগোপনে থাকা ফ্যাসস্টিরা আমাদের শিল্পাঞ্চলে এসে কারখানায় কাজ জীবন ধারণ করতে থাকে। এখন সুযোগ বুঝে তারাই সাধারণ শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে। আমাদের হাতে যথেষ্ট প্রমাণ এসেছে এখন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের আটক করতে পারলেই আন্দোলন বন্ধ হয়ে যাবে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা অযৌক্তিকভাবে মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায়। পুলিশ প্রথমে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আন্দোলনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। পরে জানমাল রক্ষা ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ।

বেলা সাড়ে ১১টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত থেমে থেমে যান চলাচল শুরু হয়। তবে পুনরায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনের নামে যারা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল, তারা প্রকৃত পোশাক শ্রমিক নন। বরং শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পিকেটিং ও নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।