গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকালে দুই ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
পুলিশ ও শ্রমিকরা জানান, শনিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় আহত এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এক পর্যায়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।