মাদক নির্মূলে সরকারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের বিস্তার রোধে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও। নিয়মিত অভিযানে খুচরা বিক্রেতা বা বাহকরা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন এই কারবারের ‘গডফাদাররা’।
মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ চালু করতে যাচ্ছে সংস্থাটি। এই ল্যাব চালু হলে মাদকের পৃষ্ঠপোষক ও গডফাদারদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রযুক্তিগত প্রমাণ সহজেই সংগ্রহ করা সম্ভব হবে। এই উদ্যোগ মাদক নির্মূল অভিযানে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মাদকের কেনাবেচা, আর্থিক লেনদেন এবং নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অপরাধীরা এখন অত্যাধুনিক প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল। বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস, ভিপিএন এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করায় চক্রের হোতারা পর্দার আড়ালে থেকেই পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে। ফলে মাঠপর্যায়ে খুচরা বিক্রেতা বা বাহকরা গ্রেফতার হলেও রাঘববোয়ালদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে না। এতে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তারা।
মাদকের কেনাবেচা, আর্থিক লেনদেন এবং নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অপরাধীরা এখন অত্যাধুনিক প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল। বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস, ভিপিএন এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করায় চক্রের হোতারা পর্দার আড়ালে থেকেই পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে। ফলে মাঠপর্যায়ে খুচরা বিক্রেতা বা বাহকরা গ্রেফতার হলেও রাঘববোয়ালদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত মাদকের ছোট-বড় চালান জব্দ এবং আসামিদের গ্রেফতার করা হলেও উদ্ধার করা ডিজিটাল আলামত বা ডিভাইসগুলো সময়মতো ও সঠিকভাবে বিশ্লেষণ করা যাচ্ছিল না। কারণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব কোনো ডিজিটাল ফরেনসিক ল্যাব না থাকায় অন্য সংস্থার ওপর নির্ভর করতে হতো। এই দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধের মূল রহস্য উদঘাটন এবং ডিজিটাল প্রমাণ আদালতে পেশ করা কঠিন হয়ে পড়ত।
তবে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে ডিএনসি। ডিজিটাল প্রমাণ যাচাই ও অপরাধীদের প্রযুক্তিগত কার্যক্রমে নজরদারি বাড়াতে নিজস্ব ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ চালু হতে যাচ্ছে। এই ল্যাব চালু হলে মাদকের পৃষ্ঠপোষক ও গডফাদারদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রযুক্তিগত প্রমাণ সহজেই সংগ্রহ করা সম্ভব হবে।
তথ্য বলছে, এই ল্যাব নির্মাণের প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকা এবং বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের সদ্য বিদায়ী মাস অক্টোবর থেকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত।
‘মাদকের ফরেনসিক রিপোর্ট অনেকটা পোস্টমর্টেম রিপোর্টের মতো। আমি আমার মোবাইল দিয়ে মাদক সংশ্লিষ্ট যত তথ্য আদান-প্রদান করবো সব তথ্য ফরেনসিকের মাধ্যমে বের করা সম্ভব। এভোয়েড করার কোনো সুযোগ নেই।’—মো. মেহেদী হাসান, ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক
সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, বর্তমানে প্রকল্পের পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। বাজেট পাস হয়ে গেছে।
প্রকল্প বাস্তবায়ন হলে মাদক নির্মূলে কতটা প্রভাব পড়বে জানতে চাইলে তিনি বলেন, ‘মাদকের ফরেনসিক রিপোর্ট অনেকটা পোস্টমর্টেম রিপোর্টের মতো। আমি আমার মোবাইল দিয়ে মাদক সংশ্লিষ্ট যত তথ্য আদান-প্রদান করবো সব তথ্য ফরেনসিকের মাধ্যমে বের করা সম্ভব। এভোয়েড করার কোনো সুযোগ নেই।’
প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় ১ হাজার ২০০টি মোবাইল ডিভাইস এবং প্রায় ৬০০টি কম্পিউটার, হার্ডডিস্ক, পেনড্রাইভ ও সার্ভারের ফরেনসিক বিশ্লেষণ করা যাবে। এছাড়া প্রতি বছর প্রায় ৫০০টি ভিডিও, ৭৫০টি অডিও এবং ১ হাজার ৫০০টি ছবির ফরেনসিক বিশ্লেষণ করা যাবে।
মেহেদী হাসান আরও বলেন, ‘মাদকের চালান ধরার পর আসামির কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস যখন আমরা ফরেনসিকে পাঠাবো তখন ল্যাবের মাধ্যমে পুরা ফোনটা ল্যাবে স্ক্যান করবে। তখন সেই ডিভাইসে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মাদক সংক্রান্ত যত কথাবার্তা, লেনদেন, ছবি আদান-প্রদানসহ মাদক সংক্রান্ত যা কিছু এই ডিভাইসের মাধ্যমে হয়েছে সব বিস্তারিত তথ্য বের হয়ে আসবে।’
এদিকে পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় ১ হাজার ২০০টি মোবাইল ডিভাইস এবং প্রায় ৬০০টি কম্পিউটার, হার্ডডিস্ক, পেনড্রাইভ ও সার্ভারের ফরেনসিক বিশ্লেষণ করা যাবে। এছাড়া প্রতি বছর প্রায় ৫০০টি ভিডিও, ৭৫০টি অডিও এবং ১ হাজার ৫০০টি ছবির ফরেনসিক বিশ্লেষণ করা যাবে।
এ জন্য তিন সেট মোবাইল ফরেনসিক সলিউশন, এক সেট ভিডিও ও ইমেজ ফরেনসিক সলিউশন, দুই সেট কম্পিউটার ফরেনসিক সলিউশন, ফরেনসিক সলিউশন সফটওয়্যারগুলো চালানোর জন্য ছয়টি হাই ওয়ার্ক স্টেশন এবং একটি পোর্টেবল ওয়ার্ক স্টেশন কেনার প্রস্তাব করা হয়েছে।
‘অভিযানে মূলত খুচরা কারবারি বা বাহকরা ধরা পড়লেও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মূল হোতাদের ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে সহজেই আইনের আওতায় আনা সম্ভব হবে। এমনকি সরাসরি মাদক উদ্ধার না হলেও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে মাস্টারমাইন্ডদের গ্রেফতার ও মামলা দেওয়া যাবে।’—এইচ এম মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক (ক্রয়, পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা), ডিএনসি
এছাড়া ডিজিটাল ফরেনসিক ল্যাবের তথ্যাদি সংরক্ষণ ও ব্যাকআপের জন্য একটি মেইন সার্ভার ও একটি স্টোরেজ সার্ভার স্থাপনের কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি সফটওয়্যার ব্যবহারের জন্য যথাযথ প্রশিক্ষিত জনবল নিয়োগের কথা জানানো হয়েছে।
ল্যাব চালু হলে মাদক নির্মূলে কতটা সহায়ক হবে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ক্রয়, পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা) এইচ এম মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, অভিযানে মূলত খুচরা কারবারি বা বাহকরা ধরা পড়লেও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মূল হোতাদের ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে সহজেই আইনের আওতায় আনা সম্ভব হবে। এমনকি সরাসরি মাদক উদ্ধার না হলেও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে মাস্টারমাইন্ডদের গ্রেফতার ও মামলা দেওয়া যাবে। তাই নিজস্ব ল্যাব চালু হলে দেশে মাদকের বিস্তার কমার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে।
ডিএনসির কর্মকর্তাদের মতে, মাদক কারবারিরা এখন প্রচলিত ব্যবস্থার বদলে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, মেসেঞ্জার ও ভিপিএনের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ, লোকেশন শেয়ারিং এবং অর্থ লেনদেন করা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন গ্রুপ তৈরি, মোবাইল ব্যাংকিং ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা তাদের পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে।
তাদের ভাষ্য, অভিযানে মাদক কারবারিদের থেকে জব্দ করা বিভিন্ন ডিজিটাল ডিভাইসের তথ্য-প্রমাণ বিশ্লেষণের জন্য ডিএনসির নিজস্ব কোনো ল্যাব নেই। ফলে অন্য সংস্থার ওপর নির্ভর করায় একদিকে যেমন বিচারে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে, অন্যদিকে আলামত নষ্ট হওয়ার ঝুঁকিও থাকছে। এ সমস্যা দূর করতেই নিজস্ব ‘ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি’ স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএনসি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জব্দ করা ডিভাইস থেকে এনক্রিপ্টেড বার্তা, মুছে ফেলা ফাইল, লোকেশন ও ভিডিও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। ফলে অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী মামলা দায়েরের পাশাপাশি মাদকের অনুপ্রবেশ ও বিপণন রোধে আরও কঠোর অবস্থান নেওয়া যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে মাদকের বিস্তার ও কারবারির সংখ্যা কমানো সম্ভব হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি ডিএনসির গোয়েন্দা কার্যক্রম, তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও আধুনিক ও প্রমাণসম্মত হয়ে উঠবে বলে মনে করছেন অধিদপ্তরের কর্মকর্তারা।