দরপ্রস্তাবে কোনো পরিবর্তন নেই। বিকল্প প্রস্তাবও ছিল। তারপরও মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনে চীনা কোম্পানির এমন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে, যেটি এর আগে একবার ফেরত দেওয়া হয়েছিল।
সবচেয়ে বড় বিষয়—গত অক্টোবরে প্রস্তাবটি ফেরত দেওয়ার সময় ব্যয় পর্যালোচনার কথা বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় অনুমোদিত প্রস্তাবে ব্যয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় এই ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। এর জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) সঙ্গে চুক্তির পথে এগোচ্ছে সরকার। মহেশখালীতে এফএসআরইউ স্থাপনে আগ্রহী ছিল রুশ কোম্পানি নোভাটেকের মধ্যপ্রাচ্যভিত্তিক সাবসিডিয়ারি নোভাটেক মিডলইস্টও। গত সেপ্টেম্বরে তারা পেট্রোবাংলায় একটি প্রস্তাব জমা দেয়।
এছাড়া কুতুবজোম টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছিল মার্কিন কোম্পানি এনএস এনার্জি নেভিগেশনও। গত মে মাসে প্রস্তাব জমা দিয়েছিল তারা। পাশাপাশি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সেপ্টেম্বরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক আলোচনায় বিষয়টি নিয়ে কথাও বলেন।
তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবগুলোকে পাশ কাটিয়ে আগে ফেরত পাঠানো চীনা প্রস্তাব অপরিবর্তিত অবস্থায় বিবেচনা ও অনুমোদন দেওয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বাংলাদেশে বর্তমানে দুটি এফএসআরইউ রয়েছে। একটি পরিচালনা করছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি, আরেকটি সামিট গ্রুপ।
গত ১৪ অক্টোবর সিএনইইর প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা থেকে প্রত্যাহার করার এক মাসের মধ্যে আগের ব্যয় রেখেই কেন অনুমোদন দেওয়া হলো—সেই ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিদ্যমান টার্মিনালগুলোর তুলনায় বেশি সেবা ফি, প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই প্রকল্প অনুমোদন এবং আগের দরপ্রস্তাবেই সায় দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার (১৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া ও সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে স্বাধীন তদন্তের দাবি তুলেছেন।
গণমাধ্যমের খবরের বরাতে আসিফ অভিযোগ করেন, বিদ্যমান টার্মিনালের তুলনায় বেশি সেবা ফিতে প্রকল্পটি অনুমোদন দেওয়ায় ১৫ বছরে সরকারের প্রায় ৬ হাজার ৩০০ কোটি টাকা বাড়তি ব্যয় হবে। কম দামের বিকল্প প্রস্তাব থাকা সত্ত্বেও কেন সেগুলো বিবেচনায় নেওয়া হলো না এবং একবার ফেরত পাঠানো প্রস্তাবটি কেন একই ব্যয়ে অনুমোদন পেল—সে প্রশ্নও তোলেন তিনি।
গত ১৯ জুন কুতুবজোমে অফশোর এলএনজি টার্মিনালটি স্থাপনের প্রস্তাব জমা দেয় সিএনইই। এর দৈনিক পুনঃগ্যাসীকরণ সক্ষমতা ধরা হয় ৬০ কোটি ঘনফুট, যা ৭৫ কোটি ঘনফুট পর্যন্ত বাড়ানো সম্ভব। প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনালটি চালুর পরিকল্পনার কথা রয়েছে।
১৫ বছরের চুক্তিতে টার্মিনাল ব্যবহারের জন্য দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার সেবা ফির প্রস্তাব করেছে সিএনইই। বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারকে দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার দিতে হয়।
এদিকে এক্সিলারেট এনার্জি ও সামিট আরও দুটি এফএসআরইউ স্থাপনে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই চেষ্টা চালিয়ে আসছিল। নতুন প্রস্তাব নিয়ে এক্সিলারেটের সঙ্গে টার্মশিট স্বাক্ষর এবং সামিটের সঙ্গে চুক্তি পর্যন্ত হয়েছিল। কিন্তু প্রতিযোগিতামূলক চুক্তি না হওয়ায় অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া বাতিল করে। এখন নতুন সরকারও প্রতিযোগিতামূলক পদ্ধতির পরিবর্তে জি-টু-জি পদ্ধতিতে চুক্তি করতে যাচ্ছে।
ভাসমান এলএনজি টার্মিনালের মতো প্রকল্পে প্রতিযোগিতামূলক ব্যবস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির স্ট্রিমকে বলেন, ‘এটা তো বড় একটা ইনভেস্টমেন্ট হবে। যে বা যারা প্রতিযোগিতামূলক অবস্থায় এগিয়ে থাকবে, তাদেরটাই বাণিজ্যিক বিবেচনায় গ্রহণ করা উচিত।’
তিনি বলেন, ‘যে প্রক্রিয়ায় চীনা প্রতিষ্ঠানকে এফএসআরইউ স্থাপনের অনুমোদন দেওয়া হচ্ছে, তাতে জটিলতা তৈরি হতে পারে। আপনি যখন বাণিজ্যিকভাবে বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন না, তখন তো প্রশ্ন তৈরি হবেই। আমি মনে করি, বাংলাদেশের এখন বাণিজ্যিক বিষয়গুলোকে সামনে রেখেই এগিয়ে যাওয়া উচিত। তাহলে কেউ প্রশ্ন করলে আপনি বলতে পারবেন—আমি বেটার টার্মস অ্যান্ড কন্ডিশনস ও কম্পিটিটিভ প্রাইসে এটা পেয়েছি। এমন যুক্তি থাকলে সবাই মেনে নেবে।’
এখানে মূল বিবেচ্য হলো সময়। কত দ্রুত এফএসআরইউ স্থাপন করতে পারবে—সরকার হয়তো সেটিকেই গুরুত্ব দিয়েছে।
হুমায়ূন কবীর আরও বলেন, ‘এখন আপনি যদি এর মধ্যে অ-ব্যবসায়িক বিষয় নিয়ে আসেন, তাহলে জটিলতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেজন্য নিজের অবস্থানকে সুরক্ষা দেওয়ার জন্যই পরিষ্কার, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবসা কাঠামোর মধ্যে থাকতে হবে। তা না হলে প্রশ্ন উঠবে। এর সঙ্গে ভূরাজনৈতিক বিষয় জড়ানো হবে, দুর্নীতির গন্ধ পাওয়া যাবে। তাই আমাদের সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে যখন মেজর প্লেয়াররা সবাই আগ্রহী।’
এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) উপাচার্য অধ্যাপক ম. তামিম স্ট্রিমকে বলেন, ‘এখানে মূল বিবেচ্য হলো সময়। কত দ্রুত এফএসআরইউ স্থাপন করতে পারবে—সরকার হয়তো সেটিকেই গুরুত্ব দিয়েছে। এ বিবেচনায় হয়তো প্রাইসে কম্প্রোমাইজ করা হয়েছে। আবার সারা বিশ্বে প্রাইস বাড়তেও পারে। এখানে ভূরাজনৈতিক স্বার্থের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব সিদ্ধান্ত তো কেবল অর্থনৈতিক বিষয় ভিত্তি করে হয় না।’
তিনি আরও বলেন, ‘এফএসআরইউ স্থাপনে চীনের তুলনামূলকভাবে অভিজ্ঞতা কম। তবে সম্ভবত তাদের কাছে ক্যারিয়ার আছে, যেটিকে এফএসআরইউয়ে কনভার্ট করা হবে। বাজারে এখন ক্যারিয়ার স্বল্পতা আছে। চীনের কাছে যদি ক্যারিয়ার থাকে, তাহলে ২০২৮ সালের শেষের দিকে দিতে পারবে। তা না হলে সাধারণত তিন বছর লেগে যায়।’