খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম এলাকায় অংথৈপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত অংথৈপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথৈপ্রু মারমা। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবি বিওপিকে অবহিত করা হয়। পরে বিজিবিও তার সন্ধানে তৎপরতা শুরু করে।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, শনিবার ভোর থেকে গ্রামবাসী ও স্বজনরা আবারও তার বাবার সন্ধানে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে বাবার তোলা ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর ওপারে ভারতের অংশে পানিতে ডুবন্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান।
তিনি আরও জানান, তার বাবার কপালে জখমের চিহ্ন ছিল এবং তখনো ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮-এস বিডি নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় দ্রুত পৌঁছান। তবে এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অংশে নিয়ে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, শুক্রবার রাতে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বিষয়টি জানানো হয় এবং তাকে খুঁজে বের করতে সহযোগিতা চাওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিজিবি।