মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে অনলাইনে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ব্যক্তির চরিত্রহনন ও মানহানির বিরুদ্ধে আন্তর্জাতিক মানের কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধিকার’ আয়োজিত ‘মতপ্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের মানুষ কথা বলতে পছন্দ করে। কথা বলার অধিকার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানহানির ঘটনায় কার্যকর প্রতিকার না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত মানহানি আইনের মাধ্যমে ভুক্তভোগীরা কার্যকর প্রতিকার পেয়েছেন বলে মনে হয় না। কারও বিরুদ্ধে ৫০০ বা ৬০০ কোটি টাকা আত্মসাতের মতো অভিযোগ করা হচ্ছে, আবার কারও চরিত্র নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ভুক্তভোগীরা এর প্রতিকার পাচ্ছেন না।
তিনি আরও বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য বছরের পর বছর থেকে যায়। এমনকি পরবর্তী প্রজন্মের জন্যও তা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তাই মানহানি ও অপপ্রচার বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা থাকা জরুরি।
শফিকুল আলম বলেন, কিছু মানুষ অন্যের কথা বলার অধিকার কেড়ে নেয়, ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে রাখে। অতীতে স্বৈরাচার তৈরি এবং গুম-খুনের মতো ঘটনার পক্ষে জনসম্মতি তৈরিতেও তাদের ভূমিকা ছিল। এ ধরনের শক্তি একপর্যায়ে দানবে পরিণত হয়েছে। তাই মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনার পাশাপাশি তাদের ভূমিকা নিয়েও স্পষ্ট ও সৎ আলোচনা হওয়া প্রয়োজন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক আইন ও চর্চায় মানহানি এবং অপপ্রচার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা রয়েছে। কিন্তু বাংলাদেশে যে কেউ যা খুশি লিখে পার পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতির অবসান হওয়া দরকার।
তিনি বলেন, সরকার ও সুধী সমাজের পক্ষ থেকে অরাষ্ট্রীয় শক্তি এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।