ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
শনিবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধ রাখার নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এছাড়া একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে আরও ৮টি পোশাক কারখানা।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে—ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু মানবজমিনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর ৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’