Image description

চড়া জাহাজ ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা, টিকিট কেনার ভোগান্তি ও নানা বিধিনিষেধে চলতি মৌসুমে প্রত্যাশিত পর্যটক পাচ্ছে না দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পর্যটকদের আগ্রহ থাকলেও যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেও পিছিয়ে যাচ্ছেন। আগের মৌসুমের তুলনায় এবার জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ৭০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২০০ টাকায়। এক মৌসুমের ব্যবধানেই ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ।

এর সঙ্গে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত, খাবার ও দ্বীপে অবস্থানের খরচ যুক্ত হওয়ায় ভ্রমণ ব্যয় আরও বেড়ে যাচ্ছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার, শিক্ষার্থী ও সীমিত আয়ের মানুষের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ ক্রমেই কঠিন হয়ে উঠছে। পর্যটন মৌসুমে দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি থাকলেও বাস্তবে সেই লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম পর্যটক যাচ্ছেন। 

এ পরিস্থিতিতে জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তদারকি এবং অভিন্ন ভাড়া কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পাশাপাশি হয়রানির শিকার পর্যটকদের মধ্যে স্বস্তি ফেরানোরও উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, এসব বিষয়ে গত সোমবার সংস্থাটির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটক ও জাহাজ মালিক উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে একাধিক দফায় বৈঠক হয়েছে এবং আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব জাহাজের যাত্রা ঘোষণাপত্র অনুযায়ী মোট ৫ হাজার ৩৬১ জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। তাঁদের মধ্যে ৭২ জন বিদেশি পর্যটক। আর সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) ১ হাজার ৭৫৪ জন পর্যটক গেছেন, যা অনুমতি পাওয়া সংখ্যার অর্ধেক।

সভায় জানানো হয়, সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি পাওয়া ও আবেদন করা ৯টি জাহাজের যাত্রী ধারণক্ষমতা ৪ হাজার ৬০৪ জন। এর বিপরীতে দৈনিক সাড়ে তিন হাজার পর্যটক পরিবহনের প্রস্তাব রয়েছে। তবে মৌসুমের শুরুতে চলাচল করা তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন হলেও প্রতিদিন গড়ে ৫০০ থেকে এক হাজারের কিছু বেশি পর্যটক পরিবহন করা হচ্ছে।

৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব জাহাজের যাত্রা ঘোষণাপত্র অনুযায়ী মোট ৫ হাজার ৩৬১ জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। তাঁদের মধ্যে ৭২ জন বিদেশি পর্যটক। আর সর্বশেষ শুক্রবার (১৩ নভেম্বর) ১ হাজার ৭৫৪ জন পর্যটক গেছেন, যা অনুমতি পাওয়া সংখ্যার অর্ধেক।

তিন বছরে বদলেছে যাতায়াত ব্যবস্থা
গত তিন বছরে সেন্ট মার্টিন ভ্রমণের নীতিমালা, যাতায়াতের রুট, জাহাজ ভাড়া ও পর্যটক প্রবেশের নিয়মে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় টেকনাফের দমদমিয়া ঘাট থেকে স্বল্প দূরত্বে সেন্ট মার্টিন যাওয়া সম্ভব হলেও বর্তমানে পর্যটকদের কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে যেতে হচ্ছে। এতে যাতায়াতের সময় ও ব্যয় দুটোই বেড়েছে।

তুলনামূলক তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ মৌসুমে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ছিল ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা। কক্সবাজার থেকে ভাড়া ছিল ২ হাজার ৫০০ টাকা। পরবর্তী ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে কক্সবাজার থেকে সর্বনিম্ন ভাড়া বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫০০ টাকায়। চলতি ২০২৬-২৭ মৌসুমে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ২০০ টাকা।

শুধু জাহাজ ভাড়াই নয়, পর্যটক প্রবেশের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ২০২৩-২৪ মৌসুমে দৈনিক পর্যটক প্রবেশে নির্দিষ্ট কোনো সীমা ছিল না। পরবর্তী দুই মৌসুমে দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশের সীমা নির্ধারণ করা হয়। চলতি মৌসুমে সেই সীমা বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হয়েছে।

রাত্রিযাপনের ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ। আগের মৌসুমে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটকদের যাতায়াত ও অবস্থানের সুযোগ থাকলেও পরবর্তী সময়ে মাসভিত্তিক বিধিনিষেধ আরোপ করা হয়। চলতি মৌসুমে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটন কার্যক্রম চালুর সিদ্ধান্ত রয়েছে। তবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফিরে আসার নিয়ম এবং ডিসেম্বর থেকে রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছে।

২০২৩-২৪ মৌসুমে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ছিল ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা। কক্সবাজার থেকে ভাড়া ছিল ২ হাজার ৫০০ টাকা। পরবর্তী ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে কক্সবাজার থেকে সর্বনিম্ন ভাড়া বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫০০ টাকায়। চলতি ২০২৬-২৭ মৌসুমে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ২০০ টাকা।

এ ছাড়া পর্যটকদের জন্য অনলাইন ট্রাভেল পাস বাধ্যতামূলক করার পাশাপাশি চলতি মৌসুমে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফিও যুক্ত হয়েছে। ফলে জাহাজ ভাড়ার বাইরেও পর্যটকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

ভাড়া বৃদ্ধিতে চাপে পর্যটকরা

জানা গেছে, গত মৌসুমে জাহাজের সর্বনিম্ন রাউন্ড ট্রিপ ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা। চলতি মৌসুমে তা বাড়িয়ে ৪ হাজার ২০০ টাকা করা হয়েছে। এতে এক মৌসুমের ব্যবধানে ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ।

পর্যটকদের অভিযোগ, শুধু জাহাজের টিকিটের খরচই নয়, কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত, খাবার এবং দ্বীপে থাকা-খাওয়ার ব্যয়ও বহন করতে হয়। ফলে পরিবার নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণে কয়েকজনের জন্য মোট খরচ অনেক বেড়ে যায়। এ কারণে অনেকেই ভ্রমণের পরিকল্পনা করেও শেষ পর্যন্ত পিছিয়ে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, তরুণ পর্যটক ও সীমিত আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী ভাড়ার ব্যবস্থা না থাকায় দ্বীপ ভ্রমণে আগ্রহ থাকলেও বাস্তবে তা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্টরা।

জাহাজ মালিকদের প্রস্তাব ও বিআইডব্লিউটিএর ভাবনা
ঘোষিত এই জাহাজ ভাড়াকে অযৌক্তিক মনে করেন না সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। দ্য ডেইলি ক্যাম্পাসের কাছে তাঁর দাবি, বর্তমানে পর্যটকদের জন্য ঘোষিত ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পর্যটন ব্যবসায় প্রতিযোগিতা থাকায় জাহাজ মালিকরা সেভাবেই ভাড়া নির্ধারণ করেন।

তিনি বলেন, কয়েক মাসের পর্যটন মৌসুমের জন্য জাহাজগুলোকে সারা বছর পরিচালন ব্যয় বহন করতে হয় বলেও দাবি তার। তবে সাধারণ পর্যটকদের সুবিধার জন্য কিছু শ্রেণির ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করলে জাহাজ মালিকরা আপত্তি জানাবেন না বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, বিআইডব্লিউটিএর সভায় জাহাজ মালিকরা সাধারণ শ্রেণির একমুখী টিকিটের ভাড়া ২ হাজার ১০০ টাকা প্রস্তাব করেন। তাঁদের হিসাব অনুযায়ী, এর মধ্যে ভ্যাট, এজেন্ট কমিশন, পরিবেশ ফি, বিভিন্ন সরকারি ফি এবং পরিচালন ব্যয় বাবদ ১ হাজার ৩২৭ টাকা খরচ হয়। বাকি ৭৭৩ টাকা মুনাফা হিসেবে ধরা হয়েছে।

অন্যদিকে বিআইডব্লিউটিএর সভায় ইকোনমি ও ওপেন ডেক শ্রেণির ভাড়া ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা এবং বিজনেস ও লাউঞ্জ শ্রেণির ভাড়া ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বিলাসবহুল কেবিনের ভাড়া জাহাজ মালিকদের ওপর ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ভাড়া পুনর্নির্ধারণে একাধিক বৈঠক, আসছে আরও সভা
সেন্ট মার্টিন রুটে জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআইডব্লিউটিএর উদ্যোগে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পর্যটক ও জাহাজ মালিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।

কক্সবাজার জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ ও পর্যটন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিআইডব্লিউটিএর সভাপতিত্বে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে কয়েক দফায় বৈঠক হয়েছে। এ বিষয়ে আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।’

বিআইডব্লিউটিএর কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বলেন, ‘ভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে আমাদের বৈঠক চলমান রয়েছে।’

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নজরদারি
শুধু ভাড়া পুনর্নির্ধারণ নয়, সেন্ট মার্টিন রুটে জাহাজভিত্তিক যাত্রী বরাদ্দ, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন এবং টিকিটে মূল ভাড়া ও বিভিন্ন ফি পৃথকভাবে উল্লেখ করার পরিকল্পনাও রয়েছে বিআইডব্লিউটিএর। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তদারকি জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ ভাড়ার সীমা নির্ধারণে থাইল্যান্ডের মডেলও বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। এতে জ্বালানির দাম ও পরিচালন ব্যয়ের পরিবর্তনের সঙ্গে ভাড়ার সমন্বয় করা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।

বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় এবার জাহাজের নৌ-সংক্রান্ত সনদ ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। ভাড়া নিয়ে পর্যটকদের আপত্তি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত সংগ্রহ করা হয়েছে। পর্যটক ও বিনিয়োগকারী উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে আমাদের।’

সংশ্লিষ্টদের মতে, সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি বিধিনিষেধের প্রয়োজনীয়তা রয়েছে। তবে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের যাতায়াত ব্যয়ও সামর্থ্যের মধ্যে রাখা জরুরি। দীর্ঘ সমুদ্রযাত্রা, বাড়তি জাহাজ ভাড়া ও বিভিন্ন ফি সাধারণ পর্যটকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় জাহাজ ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সেন্ট মার্টিনের পর্যটন খাতে আবারও গতি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা বলছেন, একাধিক বৈঠক শেষে বিআইডব্লিউটিএর নতুন ভাড়া কাঠামো কতটা পর্যটকবান্ধব হয় এবং মধ্যবিত্তের নাগালে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ কতটা ফিরে আসে, সেটিই এখন দেখার বিষয়।