Image description

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় সংঘটিত সেনা বিদ্রোহের মামলার অন্যতম আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনের নামে ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ২০১৭ সাল থেকে খোলা এসব হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। সরকারি নথিপত্রে তখন তিনি পলাতক ছিলেন।

একজন পলাতক অবসরপ্রাপ্ত ব্যক্তির হিসাবে বড় অঙ্কের জমার উৎস এবং উদ্দেশ্য নিয়ে অধিকতর তদন্তের জন্য সম্প্রতি বিএফআইইউর প্রতিবেদনটি পাঠানো হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে।

প্রতিবেদনে ৪৫ বছর পলাতক থাকা ব্যক্তির নামে ২০১৭ থেকে ব্যাংক হিসাব খুলে পরিচালনার বিষয়টি ‘রহস্যজনক’ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁর হিসাবে নগদ জমার উৎস তদন্ত করে বের করার সুপারিশ করা হয়েছে। যৌথ হিসাবে জমা হওয়া অর্থের প্রকৃত উদ্দেশ্য, প্রাতিষ্ঠানিক হিসাবের উদ্দেশ্য ও কর ফাঁকির সম্ভাবনা যাচাই এবং আয়কর নথিতে হিসাবগুলোর যথাযথ উল্লেখ আছে কিনা, তাও পরীক্ষার সুপারিশ করা হয়েছে। 

মোজাফফর হোসেনের ছয়টি অ্যাকাউন্টের মধ্যে দুটি তাঁর ভাই মোদাচ্ছের রহমান পরাগের সঙ্গে যৌথভাবে খোলা হয়। এসব হিসাবের মধ্যে দুটি সঞ্চয়ী হিসাব চলমান। বাকি চারটি মেয়াদি হিসাব বন্ধ হয়ে গেছে। 

গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরদিন সন্ধ্যায় তাঁকে ঢাকা সেনানিবাসে সামরিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ২০ জুলাই জানান, সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তাঁর বিচার নিশ্চিত করা হবে। গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

 

বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, মোজাফফরের নামে ঢাকা ব্যাংকের বনানী শাখায় ২০২১ সালের ৭ অক্টোবর একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। ওই দিনই হিসাবটিতে ৬৪ লাখ ৪৭ হাজার টাকা জমা করে আবার ৬২ লাখ ১১ হাজার টাকা উত্তোলন করা হয়। তিন দিন পর আবার এই হিসাবে পে-অর্ডারের মাধ্যমে ৩০ লাখ টাকা জমা হয়। এই অর্থ এসেছিল সোশ্যাল ইসলামী ব্যাংকের স্থায়ী আমানতের মেয়াদ পূর্তির পে-অর্ডার থেকে।

২০১৭ সালের ৮ ও ৯ আগস্ট ২৫ লাখ টাকা করে দুই ধাপে নগদ ৫০ লাখ টাকা জমা করে সোশ্যাল ইসলামী ব্যাংকে দুটি মেয়াদি আমানত খোলা হয় মোজাফফরের নামে। এর বিপরীতে তিনি নিয়মিত মুনাফা নেন। এই মেয়াদি আমানত ভাঙানোর অর্থ থেকে ৩০ লাখ টাকা একটি পে-অর্ডারে ঢাকা ব্যাংকের হিসাবে জমা হয়। অপর পে-অর্ডারের বিপরীতে ২০ লাখ টাকা তিনি নগদে তুলে নেন। নগদে এই টাকা তুলে কোথায় কীভাবে খরচ করেছেন, সে তথ্য পায়নি সংস্থাটি।

ঢাকা ব্যাংকের হিসাবে ২০২১ সালে ৩০ লাখ টাকা জমা হওয়ার পর কয়েক দফা টাকা তোলেন। ব্যাংকের রেকর্ডে প্রতিটি লেনদেনে মোজাফফরের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ আছে। ঢাকা ব্যাংকের বনানী শাখার বাইরে মোজাফফর ও মোদাচ্ছেরের নামে ব্যাংকটির সিরাজগঞ্জ শাখায় একটি সঞ্চয়ী হিসাব পাওয়া গেছে। এই হিসাব খোলা হয় ২০১৮ সালের ২৮ মার্চ। এই হিসাবে বিভিন্ন সময়ে প্রায় ৯৩ লাখ ৫৩ হাজার টাকা জমা ও সমপরিমাণ অর্থ উত্তোলন হয়েছে। 

 

ভাইয়ের নামে নগদ লেনদেন
মোদাচ্ছেরের নামে ছয়টি ব্যাংক হিসাব ও একটি বিকাশ হিসাব পেয়েছে বিএফআইইউ। এই হিসাবের পাঁচটি চলমান, দুটি বন্ধ। যমুনা ব্যাংকের সিরাজগঞ্জ শাখায় ২০১২ সালের ১ মার্চ খোলা হিসাবে প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা জমা ও সমপরিমাণ উত্তোলন হয়েছে। আফসার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে এই হিসাবে ‘উল্লেখযোগ্য পরিমাণ’ অর্থ ট্রান্সফার করা হয়েছে। তালিকা অনুযায়ী ২০১২ সালের জুন থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ১৩ দফায় মোট ৯৭ লাখ ৯৩ হাজার টাকা এসেছে। বিএফআইইউ বলছে, এই অর্থ পরে বেশির ভাগ ক্ষেত্রে মোদাচ্ছের নিজে নগদ তুলেছেন।

বিএফআইইউর প্রতিবেদনে আফসার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালট্যান্সির বিষয়ে কিছু উল্লেখ নেই। তবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) খন্দকার নূরুল আফসার। তিনি এক্সিম ব্যাংকের সাবেক পরিচালক। রিয়েল এস্টেট, কনসালট্যান্সিসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসা ছিল। তাঁর পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের ফরদাবাদে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

তিন প্রতিষ্ঠানের হিসাব
সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী শাখায় এমএস হেরিটেজ এন্টারপ্রাইজের নামে ২০১৭ সালের ৯ আগস্ট একটি হিসাব খোলা হয়। হিসাব খোলার ফরম অনুযায়ী, এই প্রতিষ্ঠানের মালিক মোজাফফর হোসেন। এতে মোট জমা-উত্তোলন ১ কোটি ৩৩ লাখ টাকা। ২০১৮ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে মোজাফফরের মেয়াদি আমানতের বিপরীতে পাঁচ দফায় মোট ৯৯ লাখ টাকা প্রতিষ্ঠানের হিসাবে আসে এবং কয়েক দিন থেকে প্রায় আড়াই মাসের মধ্যে তা সমন্বয় করা হয়। ২০১৮ সালের মে থেকে অক্টোবরে ৯ দফায় মোট ৯ লাখ ৬৫ হাজার টাকা নগদ উত্তোলন করা হয়। এর মধ্যে চারবার উত্তোলনে নাম ও পরিচয়পত্র ছিল মোজাফফরের। বাকি পাঁচবার এমন একজনের নামে, যাঁর জাতীয় পরিচয়পত্র বা মোবাইল নম্বর নেই। এ হিসাব থেকে সিরাজগঞ্জের একটি সরকারি হাসপাতালের কেয়ারটেকারের নামে এক লাখ ৫০ হাজার ১১৫ টাকার একটি পে-অর্ডার করা হয়েছিল, যার এক লাখ ৪৯ হাজার ৮৮৫ টাকা পরে ফেরত আসে।

ব্র্যাক ব্যাংকের মিরপুর শাখার ‘প্রপার্টি লংজেভিটার সার্ভিস’ নামের অপর একটি হিসাব খোলা হয় ২০০৭ সালের ২১ জানুয়ারি। মোদাচ্ছেরের মালিকানাধীন এই হিসাবে জমা-উত্তোলন ২ কোটি ২ লাখ টাকা। এই হিসাবে ঢাকার বিভিন্ন শাখা থেকে জমার এক দিনের মধ্যে সিরাজগঞ্জ শাখায় প্রায় সমান অঙ্ক উত্তোলন হয়েছে। ঢাকা ব্যাংকের সিরাজগঞ্জ শাখার ‘অতন্দ্র ওয়াচম্যান সার্ভিসেস’ নামে একটি প্রতিষ্ঠানের হিসাব খোলা হয় ২০১৬ সালের ১৯ অক্টোবর। এই হিসাবে জমা-উত্তোলন ১ কোটি ৭৫ লাখ টাকা। মালিক মোদাচ্ছের ও আরেকজন।