Image description

হঠাৎ করেই যেন উল্টে গেছে ঘুষ, চাঁদার ধারাপাত। কর্তৃপক্ষীয় মুখ থেকেই শোনা যাচ্ছে এই দুই বহুল প্রচলিত অনিয়মের নিত্যনতুন সংজ্ঞা। তবে কি কোনটি ঘুষ, কোনটি চাঁদা—সেই নির্ণায়ক বৈশিষ্ট্যই পাল্টে দেওয়ার চেষ্টা চলছে? কিন্তু কেন?

 

ঘুষ, চাঁদা—এই দুটির কোনটিই নতুন কোন বিষয় নয় আমাদের এই বাংলাদেশে। কবির ভাষায় সুজলা–সুফলা এই দেশ এখন আর সেভাবে শস্য–শ্যামলা না থাকলেও, ঘুষ–চাঁদার অভাব কখনও ঘটেনি। এসব দুর্নীতির বাড়বাড়ন্তে বাংলাদেশ দুর্নীতি বিষয়ক সূচকে সারা বিশ্বের মধ্যে অনন্য স্থানও অধিকার করেছে কয়েকবার। এখনও পরিস্থিতি সুবিধার না। এই দেশে ঘুষ দেয় নাই বা কার্যোদ্ধার করতে দুই নম্বরী পথের খোঁজ করে নাই, এমন নাগরিক খুঁজে পাওয়া বেশ দুর্লভ ব্যাপার। একই অবস্থা চাঁদার ক্ষেত্রেও।

 

তা, এমন একটি দেশেই এবার ক্ষমতাসীন সরকারের মন্ত্রীরা কিছু অদ্ভুত মন্তব্য করতে শুরু করছেন। তাও আবার এমন এমন দপ্তরের মন্ত্রীরা, যেখানে ঘুষ ও চাঁদার অভিযোগ অনেকটা সূর্যের পূর্ব দিকে ওঠার মতোই চিরাচরিত সত্যের কাতারে চলে গেছে। স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের ক্ষমতাসীন সব সরকারের আমলেই ওইসব খাতে দুর্নীতির অভিযোগ ছিল। হয়তো কখনও কম, কখনও বেশি। কিন্তু অনুপস্থিতি ছিল না কখনোই।

 

বিস্তারিত জানা যাক। গত ফেব্রুয়ারিতে এই দেশে নির্বাচন হয়। তাতে জিতেই গঠিত হয় একটি রাজনৈতিক সরকার। ওই মাসেই নতুন সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়কে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে যে অর্থ সংগ্রহ করে, সেটিকে তিনি চাঁদা হিসেবে দেখেন না। তবে কাউকে বাধ্য করে টাকা নেওয়া হলে সেটিই চাঁদা হিসেবে গণ্য হবে। সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছিলেন।

 

মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেছিলেন, সড়কে পরিবহনের ক্ষেত্রে যে অর্থ নেওয়ার বিষয়টি চাঁদা হিসেবে আলোচনা হয়, তা সব সময় চাঁদা নয়। মালিক সমিতি ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি অনেকটা অলিখিত নিয়মের মতো। তবে কেউ স্বেচ্ছায় না দিয়ে বাধ্য হলে সেটিকেই প্রকৃত চাঁদা বলা যায়। কিন্তু সমঝোতার ভিত্তিতে এ প্রক্রিয়া চললে সেটিকে চাঁদা আখ্যা দেওয়ার সুযোগ কম।

 

এবার দেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি করেছেন আরেকটি মন্তব্য। চলতি সপ্তাহেই নবনিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশলীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেছেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন…।’

 

অর্থাৎ, মন্ত্রী–প্রতিমন্ত্রীদের মন্তব্য অনুযায়ী, সড়কে যদি ‘সমঝোতা’ করে কেউ অর্থ লেনদেন করে, তাহলে তা চাঁদা নয়। কথা হলো, সমঝোতা মানুষ কীভাবে করে? ধরুন, কোন একদিন রাত ১১টায় কোন এক নির্জন রাস্তায় কেউ আপনার গতিরোধ করল। এরপর আপনার গলায় ছুরি ঠেকিয়ে বলে দিল, ‘বেশি চেঁচামেচি নয়। ভালোয় ভালোয় সব দিয়ে দেন…ক্ষতি হবে না।’ এমনতর হুমকি শুনে আপনি হয়তো নির্বিবাদে মোবাইল, মানিব্যাগসহ সব দিয়ে দিলেন। গলার ছুরি তাই কাটাকাটি ছাড়াই হয়তো সরেও গেল। এখন একে কি তাহলে আমরা ছিনতাই বলব? নাকি ‘সমঝোতা’র ভিত্তিতে আদানপ্রদান? স্বাভাবিকভাবেই এমন ঘটনায় জবরদস্তির শরীরী লক্ষণ তো দৃশ্যমান থাকে না। কিন্তু বাধ্য হওয়াটা হয়ই। যদিও বাধ্যতামূলক চিত্রটি আবার দৃশ্যমান হয় না সেভাবে। এটা অনেকটা এ দেশের সেই প্রচলিত বাণী, ‘মাইর হবে, কিন্তু শব্দ হবে না’র মতো!

আবার আরেক প্রতিমন্ত্রীর ভাষায়—ঠিকাদারেরা যদি কাজ করার পর সরকারের কাছ থেকে কাজের বিল আদায় করার পর যে লাভ পকেটে পুরছেন, সেখান থেকে একটি অংশ ‘উপহার’ হিসেবে সংশ্লিষ্ট কাজের দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলীদের দিতে থাকেন, তাহলে তা নাকি ঘুষ হবে না। ঘুষ আসলে কি তাহলে? ঘুষ হলো কোন কাজ করিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিক নিয়মের বাইরে টেবিলের নিচ দিয়ে যে লেনদেন হয়, সেটি। তা ঠিকাদারেরা যদি তার কাজের মূল্যায়নের দায়িত্বে থাকা সরকারি প্রকৌশলীকে নিজের লাভের অংশই উপহার হিসেবে দিতে থাকেন, তবে কি সেই প্রকৌশলী আর ওই সরকারি কাজের প্রকৃত মূল্যায়ন করতে পারবেন? তিনি কি কোন অনিয়ম হলে, তা আর ধরবেন? স্বার্থের সংঘাত কি তাহলে হচ্ছে না? এর চেয়েও বড় কথা হলো, সরকারি কাজের এমন দেখভালের জন্য প্রকৌশলীকে বেতন দিয়ে থাকে সরকার। সেই বেতন আবার সরকার দেয় সাধারণ মানুষের দেওয়া করের টাকা থেকে। তাহলে প্রকৌশলীদের আর বেতন দেওয়ার দরকারটা কি?

ছবি: এআই দিয়ে তৈরি
ছবি: এআই দিয়ে তৈরি

এমনতর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মতো অপরাধকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন প্রতিমন্ত্রী। এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে টিআইবি। এদের আন্তর্জাতিক সংস্থাটিই আবার দুর্নীতির সূচক তৈরি করে দুনিয়াজুড়ে। দেশের দুর্নীতি বিষয়ক পরিস্থিতি নিয়ে তাহলে কেমন বার্তা পেল পুরো দুনিয়া? এমন বার্তাই কি যাবে না যে, আমাদের বাংলাদেশে সরকারি কর্তৃপক্ষীয় পর্যায় থেকেই ঘুষ, চাঁদার চিরাচরিত সংজ্ঞা বদলে দিয়ে অনিয়ম, দুর্নীতেকে এক ধরনের প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে?

 

হ্যাঁ, এমনটাই বুঝবে মানুষ। শুধু বাইরের দুনিয়া না, দেশের ভেতরের নাগরিকেরাও এমনটাই বোধ করবেন। তাহলে কেন সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রী পর্যায় থেকে এমনটা বলা হচ্ছে? নিন্দুকেরা দাবি করে বসবেন যে, নিশ্চয়ই দেশে ঘুষ, চাঁদা বন্ধ করার উপায় আর কর্তাব্যক্তিরা খুঁজে পাচ্ছেন না। যেহেতু সমাধান করাই যাচ্ছে না, থামানোই যাচ্ছে না, তাই এর স্বাভাবিকীকরণের পথেই ঝুঁকছে সরকার!

 

এখন এমন অভিযোগ যদি উঠেই যায়, তার বিপরীতে যুক্তি দেওয়ার উপায় কি আদৌ আছে? কারণ এমনতর অদ্ভুত মন্তব্য করার পরও আমরা যে সরকারের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করার মতো কোনো বক্তব্য পাচ্ছি না। এসবের জবাবদিহির বিষয়টিও পরিলক্ষিত হচ্ছে না। তাহলে সাধারণ মানুষ কি বুঝবে?

 

এসব ঘটনার কারণেই আসলে একটি ক্ষমতাসীন সরকার ও জনগণের মধ্য দূরত্ব সৃষ্টি হতে থাকে এবং ক্রমশ তা বাড়তে থাকে। সাধারণ নাগরিকের তখন মনে হতে থাকে যে, তাদের ভোটে নির্বাচিত সরকারই হয়তো তাদের কল্যাণে ব্রতী নয়। কর্তৃপক্ষের এমন বক্তব্যে দুর্নীতি, অনিয়মে জড়িত ব্যক্তিরাও উৎসাহ ছাড়া অন্য কিছু পায় না। ফলে দেশের সার্বিক দুর্নীতি পরিস্থিতির অবনতিই হতে থাকে কেবল।

 

এই বাংলাদেশের মানুষ এখন এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। পুরো দুনিয়াতেই অর্থনীতির অবস্থা খারাপ। দেশের অবস্থাও তথৈবচ। জ্বালানি সমস্যা তো আছেই। সাধারণ মানুষের খরচ বাড়ছেই খালি, সঞ্চয় হচ্ছে না তেমন। এর মধ্যে কর্তৃপক্ষীয় পর্যায় থেকে যদি এমনতর বক্তব্য দেওয়া হয়, যাতে দেশে বিদ্যমান অনিয়ম–দুর্নীতির পালে আরও হাওয়া লাগে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে কীভাবে? দেশের সরকারের প্রধান লক্ষ্য নিশ্চয়ই আগে নাগরিকদের স্বস্তি নিশ্চিত করা। তার বদলে উল্টো কোন কিছু অবশ্যই কাঙ্ক্ষিত নয়। ক্ষমতায় থাকা মানুষেরা তা যত সহজে বুঝবেন, ততই মঙ্গল।