সেতুর নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট এলাকায় বালু উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে। নিলামের শর্তেও তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই মাদারীপুরের শিবচর উপজেলার নয়াবাজার সেতুর কাছাকাছি এলাকা থেকে বালু ও মাটি কাটার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও চলছে এ খননকাজ। এতে ঝুঁকিতে পড়েছে মাদারীপুরের শিবচর উপজেলার গুরুত্বপূর্ণ নয়াবাজার সেতু।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নিলামে কেনা বালু উত্তোলনের পাশাপাশি সরকারি সম্পত্তির অন্য অংশ থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। সেতুর কাছাকাছি নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলনের কারণে এর আশপাশের মাটি সরে যাচ্ছে। এতে সেতুর নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, নিলামের শর্ত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটি গঠন করা হলেও অবৈধভাবে বালু-মাটি কাটা বন্ধ হচ্ছে না কেন?
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদসংলগ্ন এলাকায় ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গত বছরের ডিসেম্বরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নয়াবাজারসহ জেলার কয়েকটি স্থানের উত্তোলিত বালু বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা মনিটরিং কমিটির মাধ্যমে শর্তসাপেক্ষে এই নিলাম কার্যক্রম পরিচালিত হয়।
নিলামের শর্তে বলা হয়, নয়াবাজার সেতুর স্থায়ী নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় সেতুর দক্ষিণ পাশের ৩০০ মিটারের মধ্যে কোনো ধরনের বালু আহরণ বা উত্তোলন করা যাবে না। তবে স্থানীয়দের দাবি, ঠিকাদাররা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুর কাছাকাছি এলাকায় বালু তুলেছেন। তাদের অভিযোগ, নিলামে নির্ধারিত পরিমাণের বাইরেও সরকারি জমি থেকে বালু ও মাটি কেটে নেওয়া হয়েছে।
নিলাম-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় মোট ১ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৪৫৬ ঘনফুট বালু বিক্রির জন্য নিলাম আহ্বান করা হয়। এর চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকা। চুক্তির শর্ত অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্ধারিত কার্যক্রম শেষ করার কথা।
এদিকে নিলাম কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসককে সভাপতি করে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পাউবো, বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়।
সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বালু উত্তোলনের প্রতিবাদ করতে গেলে কয়েকজনকে ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, প্রভাবশালী ঠিকাদারদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না অনেকে। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, রেদওয়ান হক, রুবেল মাতুব্বর ও জিসান সিকদার বললেন, নিলামের নির্ধারিত জায়গার বাইরে থেকেও সরকারি মাটি কাটা হয়েছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে সেতুটি বড় ধরনের ঝুঁকিতে পড়বে। তাদের দাবি, প্রশাসনের উচিত সরেজমিনে তদন্ত করে কোথা থেকে কতটুকু বালু ও মাটি কাটা হয়েছে, তা পরিমাপ করা। সরকারি সম্পত্তি ইচ্ছামতো কেটে নেওয়ার সুযোগ নেই।
অভিযোগের বিষয়ে ঠিকাদার জাফর চৌধুরী বললেন, ‘আমরা যখন বালু নিলামে কিনেছিলাম, তখন তাদের কোনো শর্ত ছিল না। পরে যখন ওই মাটিগুলো কেটেছি, তখন তারা নোটিস জারি করে শর্ত বসিয়েছে। এ বিষয়ে আমরা হাইকোর্টে যাব।’
আরেক ঠিকাদার শাহাদাত হোসেন বললেন, ‘বিষয়টি আমাদের ভুল হয়েছে। পরে প্রশাসনের সঙ্গে বসে যতটুকু বালু কাটা হয়েছে, ততটুকু ভরাট করে দেওয়ার কথা বলেছি।’
পাউবোর মাদারীপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাদাত মো. হাসান কবির জানিয়েছেন, এ বিষয়ে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। সরকারি মাটি যারা কেটেছেন, তারা তা ভরাট করে দেওয়ার কথা বলেছেন। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জেলা প্রশাসনের।
শিবচর উপজেলার ইউএনও এইচ এম ইবনে মিজানের ভাষ্য, বিষয়টি জানার পর সরেজমিনে তদন্ত করেছেন। নিলাম কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কমিটিকেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে অবগত করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসক মর্জিনা আক্তারের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।