Image description

শেখ হাসিনাকে নিয়ে ভারত দিন দিন বেশ জটিল এক কূটনৈতিক বিপাকে পড়ছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী ভারতের মাটিতে অবস্থান করায় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের ওপর যেমন চাপ তৈরি হচ্ছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে।

এরই মধ্যে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নীতিনির্ধারকদের ইচ্ছাতেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তবে ভারত চায় বাংলাদেশ যেন শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যান এবং তখন থেকেই সেখানে আছেন। বাংলাদেশের পরবর্তী সরকারগুলো তাকে দেশে ফিরিয়ে দেওয়ার (প্রত্যর্পণ) জন্য বারবার অনুরোধ জানালেও তিনি ভারতেই রয়ে গেছেন।

এর মধ্যে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে হাসিনার ঘোষণা এবং ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার চেষ্টায় পুরো বিষয়টিতে নতুন আলোচনা শুরু হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দিল্লি এখন দুই দিক থেকেই চাপে আছে। একদিকে হাসিনাকে ভারতে থাকতে দেওয়া এবং সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কে স্থায়ী অস্বস্তি তৈরি হয়েছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং জাতিসংঘের তদন্তে রক্তক্ষয়ী দমন-পীড়নের জন্য দায়ী হওয়া একজন সাবেক নেতাকে আশ্রয় দিয়ে রাখলে আন্তর্জাতিক মহলের কাছে ভারতকে বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কারণে ভারতে হাসিনার অবস্থান বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে মাত্র ছয় সপ্তাহের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশি নিহত হয়েছে। আর জাতিসংঘের তথ্যানুসন্ধান দলই এই সত্য সামনে এনেছে।

তিনি আরও জানান, তদন্তের বিশ্বাসযোগ্যতা এবং জাতিসংঘের আন্তর্জাতিক মর্যাদার কারণে এই প্রতিবেদনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, নিজের দেশের এত বিপুলসংখ্যক মানুষ হত্যার জন্য দায়ী একজন বিদেশি রাজনৈতিক নেতাকে আশ্রয় দেওয়া ভারতের জন্য খুবই বিব্রতকর।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়ে থাকতে পারেন। নিহতদের বেশির ভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতদের ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু।

জাতিসংঘের এই প্রতিবেদন ভারতে হাসিনার অবস্থান নিয়ে চলা কূটনৈতিক ও রাজনৈতিক বিতর্কে বড় ভূমিকা রাখছে। দিল্লির জন্য বিষয়টি এখন আর শুধু একজন পুরোনো রাজনৈতিক মিত্রের সঙ্গে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং প্রতিবেশী দেশের আদালতে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দিলে বিশ্বদরবারে ভারতের অবস্থান কেমন দেখাবে, সেটিও বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা ও দিল্লির সম্পর্কের কাঁটা

ভারতে হাসিনার অবস্থান এবং তার রাজনৈতিক তৎপরতা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাকে বারবার জটিল করে তুলছে।

অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার—উভয়ই ভারতকে অনুরোধ জানিয়েছে যেন হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে ঢাকার সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বক্তব্য বা প্রচারণা চালাতে দেওয়া না হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে থাকা চুক্তির আওতায় বাংলাদেশ বারবার তাকে ফেরত চেয়ে আসছে।

একজন সাবেক কূটনীতিক বলেন, ‘দুই দেশের সম্পর্কের মাঝে হাসিনা এখন এক গলার কাঁটা। এটা কারও অজানা নয় যে ভারত হাসিনাকে বিশ্বাস করে এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে সব সময়ই ভালো সম্পর্ক রেখে চলেছে।’

এই বিষয়টির কারণে আগেও দুই দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আগস্টে জানিয়েছিল, ৫ আগস্ট নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে হাসিনা অনলাইনে যুক্ত হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি ধাক্কা খেয়েছে।

সে সময় এক লিখিত বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় সফরের বিষয়ে দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছিলেন, কিন্তু হাসিনার ওই প্রকাশ্য বক্তব্যের কারণে পুরো প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা ও অন্যান্য পলাতক ব্যক্তিদের ফেরত দেওয়ার অনুরোধে দ্রুত সাড়া দেওয়ার জন্যও ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি।’

তবে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও ভারত এখন পর্যন্ত বাংলাদেশের এই দাবিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি, আবার তা নাকচও করেনি।

দিল্লি কি কোনো সমাধানের পথ খুঁজছে?

হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারত প্রকাশ্যে কিছু না বললেও, হাসিনা ও আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা দেখে মনে হচ্ছে দিল্লি হয়তো তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো উপায় নিয়ে ভাবছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে হাসিনার ঘোষণাটি ভারতের ইচ্ছাতেই এসেছে।

বাংলাদেশের সাবেক কূটনীতিক বলেন, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। কিন্তু কোনো দেশই তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে বলে মনে হয় না।

তিনি আরও বলেন, ‘ভারত হয়তো চাইবে হাসিনা দেশে ফিরলে বাংলাদেশ যেন তার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে।’

 

বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, এটি দিল্লির জন্য বেশ কঠিন একটি সিদ্ধান্ত।

আঞ্চলিক রাজনৈতিক মিত্রদের কাছে ভারতের বিশ্বাসযোগ্যতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারত যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাঠায়, তবে ভবিষ্যতে কোনো মিত্রই আর তাদের বিশ্বাস করবে না।’

তার মতে, এর বদলে হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়ে ঢাকার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করতে পারে দিল্লি।

ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশ

ভারত সব সময়ই আওয়ামী লীগ এবং হাসিনার সরকারগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তাই তার ক্ষমতা হারানো এবং ভারতে দীর্ঘদিন অবস্থান করা দিল্লির জন্য এক জটিল পরিস্থিতি তৈরি করেছে।

একদিকে বহু বছরের বিশ্বস্ত মিত্র একজন সাবেক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত দ্বিধায় আছে। অন্যদিকে ভারতের মাটি থেকে তাকে রাজনীতি করার সুযোগ দিলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে—যে প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের নিরাপত্তা, অর্থনীতি ও যোগাযোগের অনেক বড় স্বার্থ জড়িত।

জাতিসংঘের প্রতিবেদন এই সংকটে আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৪ সালের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনের কারণে ভারতের পক্ষে হাসিনার বিষয়টিকে কেবল দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবে দেখা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

এখন বড় প্রশ্ন হলো—দিল্লি কি বিষয়টি এভাবেই ঝুলিয়ে রাখবে, নাকি আলোচনার মাধ্যমে তাকে দেশে ফেরানোর কোনো ব্যবস্থা করবে, অথবা অন্য কোনো পথ খুঁজবে।

বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রধান লক্ষ্য হলো বিদ্যমান আইনি প্রক্রিয়ায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আর ভারতের জন্য যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাসিনার সঙ্গে পুরোনো রাজনৈতিক সম্পর্ক, বাংলাদেশে নিজেদের কৌশলগত স্বার্থ এবং ২০২৪ সালের দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।

তাই হাসিনার ঘোষিত ডিসেম্বরের সময়সীমা দুই দেশের কূটনৈতিক কৌশলের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। তবে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরবেন কি না, কোনো সমঝোতা হবে কি না, নাকি চলমান অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হবে—তা এখনো পরিষ্কার নয়।