Image description

সরকারের অনুমোদন ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ করেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। শুধু তা-ই নয়, রিফাইনারি স্থাপনের জন্য বিপুল পরিমাণ মূলধনি যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি। সরকারি অনুমোদন ব্যতীত রিফাইনারি স্থাপন করা যাবে না এমন শর্ত থাকলেও এই বিধিনিষেধকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে গড়ে তোলা হচ্ছে সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি।

গত বুধবার সুপার পেট্রোকেমিক্যালের প্ল্যান্ট পরিদর্শন শেষে গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে বিপিসির গঠিত সাত  সদস্যের সুপারিশ কমিটির প্রধান নিজেই এসব তথ্য স্বীকার করেছেন। সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না বলে ২০২৩ সালের নীতিমালায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এটি মানেনি এসপিএল কর্তৃপক্ষ। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ও কারিগরি সক্ষমতা যাচাইয়ের আগেই প্রতিষ্ঠানটিকে উৎপাদনের অনুমতি দেওয়ার পথ তৈরির জন্য এখন তোড়জোড় চলছে বলে অভিযোগ উঠেছে।

বিপিসির গঠিত সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান এবং বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, সরকারের অনুমোদন না থাকলেও সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি নির্মাণকাজ চলছে। সেখানে নতুন ট্যাংক নির্মাণ এবং ক্রুড প্রসেসিং প্ল্যান্টের উন্নয়নকাজ হয়েছে। প্রতিষ্ঠানটি প্ল্যান্ট-সম্পর্কিত কিছু নথিপত্র কমিটির কাছে জমা দিয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ৩ গড়ে তোলার বিষয়টিও কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হবে। বিপিসির অনুমোদন ছাড়া কীভাবে বিপুল পরিমাণ যন্ত্রপাতি এলো এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসাইন সরাসরি স্বীকার করে বলেন, ‘তারা (এসপিএল) মূলধনি যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির বিষয়ে বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।’ 

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানা এক অফিস আদেশে এই কমিটি গঠন করে মাত্র তিন দিনের মধ্যে রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে কমিটির প্রধান জানালেন ভিন্ন কথা। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা মাত্রই পরিদর্শন করে এসেছি। প্রতিষ্ঠানটির কাছে কমিটির আরও কিছু বিষয়ে ব্যাখ্যা ও নথিপত্র চাওয়া হতে পারে। 

কমিটির বাকি সদস্যরা পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির আগে সেসব বিষয়েও আলোচনা হবে। কমিটির সদস্যদের পর্যালোচনা ও আলোচনার পর প্রতিবেদন তৈরি করা হবে।’ গত বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টার বেশি সময় ধরে প্ল্যান্ট পরিদর্শন করেছে কমিটি। তবে এই পরিদর্শনে রিফাইনারির প্রকৃত উৎপাদন সক্ষমতা কিংবা যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করা হয়নি বলে স্বীকার করেছেন কমিটির প্রধান। তিনি আরও জানান, আমরা প্রতিটি মেশিনারিজ বা প্ল্যান্ট চালু করে দেখিনি। ইনপুট-আউটপুট ঠিকভাবে হচ্ছে কি না, এসব কারিগরি বিষয় টেকনিক্যাল কমিটি দেখবে। আর চূড়ান্ত অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

কারিগরি সক্ষমতা ও নিরাপত্তার বিষয়গুলো যাচাই না করেই কীভাবে একটি রিফাইনারিকে উৎপাদনের অনুমোদন দেওয়ার সুপারিশ করা হবে, তা নিয়ে খোদ জ্বালানি খাতেই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও নীতিমালার তোয়াক্কা না করেই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি গড়ে তোলা হচ্ছে। একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন।

এর মধ্যে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়?্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন অন্যতম। অভিযোগ রয়েছে এসপিএল এসব আনুষ্ঠানিক অনুমোদনের কোনো বিধানই মানেনি। বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে বিপিসির অনুমোদন তো নেওয়াই হয়নি, উল্টো এসব আমদানিতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যন্ত্রপাতির আড়ালে অন্য কোনো পণ্য আমদানি কিংবা চোরাচালান হয়েছে কি না, তা-ও যথাযথভাবে যাচাই না করেই এখন প্ল্যান্টটিকে তড়িঘড়ি করে বৈধতা দেওয়ার তোড়জোড় চলছে।

এমন বিতর্কের মধ্যেই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি তাদের রিফাইনারিতে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসিতে আবেদন করেছে। আবেদনে বছরে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির কথা বলা হয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় অনুমোদন ও সক্ষমতা নিয়ে প্রশ্নের নিষ্পত্তি হওয়ার আগেই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির সুযোগ চেয়েছে প্রতিষ্ঠানটি। অনুসন্ধানে পাওয়া নথিপত্রে দেখা গেছে, আমদানির আবেদনে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞাগত ও গুণগত পার্থক্যকে এক করে উপস্থাপনের অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, কনডেনসেট ও লাইট ক্রুড এক ধরনের কাঁচামাল নয়। কনডেনসেট মূলত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত।

অন্যদিকে ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। উৎস, গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। গত ২৭ অক্টোবরের একটি চিঠিতে প্রতিষ্ঠানটি বিপিসির ১০ আগস্টের পত্রের সূত্র উল্লেখ করে ২০২৭ সালে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে। এতে বলা হয়, ওই বছর বিপিসিকে ২ লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, ১ লাখ ১৯ হাজার টন পেট্রোল, ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং ৩ লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি উৎপাদনে ৪ লাখ টন লাইট ক্রুড ও ৮ লাখ টন হেভি ক্রুড আমদানি প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

জ্বালানি বিভাগ ও বিপিসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত পূরণ না হলেও প্রতিষ্ঠানটিকে উৎপাদনের অনুমোদন দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপর। রিফাইনারি স্থাপনের আগে যেসব শর্ত পূরণের বাধ্যবাধকতা ছিল, সেগুলো উপেক্ষা করে এখন উৎপাদন অনুমোদনের সুপারিশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, রিফাইনারির মতো স্পর্শকাতর ও কৌশলগত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, কারিগরি সক্ষমতা এবং আমদানি করা যন্ত্রপাতির বৈধতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এসব বিষয় নিশ্চিত না করে উৎপাদনের অনুমতি দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। তাই প্রতিষ্ঠানটির আমদানি, নির্মাণকাজ, শুল্ক পরিশোধ এবং প্রয়োজনীয় অনুমোদন নিয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। বিপিসির গঠিত সাত সদস্যের কমিটিতে বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছে ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন), উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং), জিওপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন), এমপিপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) এবং ইআরপিএলসির সহকারী মহাব্যবস্থাপক (প্ল্যানিং)।