ভারতের কেরালা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দুটি নজির সামনে এসেছে। ওয়ানাড়ে এক হিন্দু বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করেছেন তার প্রতিবেশী দুই মুসলিম ভাই। অন্যদিকে, প্রতিবেশী জেলা মালাপ্পুরমে এক হিন্দু নারীর সৎকার-পূর্ব আনুষ্ঠানিকতা ও প্রার্থনার জন্য খুলে দেওয়া হয়েছে স্থানীয় একটি মসজিদের দরজা।
ওয়ানাড়ের মুপ্পাইনাদু পঞ্চায়েতের চিত্রগিরি গ্রামের বাসিন্দা ৮৫ বছর বয়সী কল্যাণীআম্মা সোমবার মারা যান। শেষকৃত্য করার মতো তার কোনও নিকটাত্মীয় ছিল না। দীর্ঘদিন ধরে প্রতিবেশী হিসেবে থাকা কাপ্পান রাজাক ও সুলাইমান নামের দুই ভাই মঙ্গলবার শ্মশানে হিন্দু রীতি অনুযায়ী তার চিতায় আগুন দেন।
রাজাক বলেন, আমরা কল্যাণীআম্মাকে নিজের মায়ের মতো দেখতাম এবং তার ইচ্ছা ছিল আমরাই যেন তার শেষকৃত্য করি। দেয়ালের ওপাশে থাকলেও বছরের পর বছর তিনি আমাদের পরিবারের সদস্যের মতোই ছিলেন। ছোটবেলা থেকেই আমরা তাকে মা বলে ডাকতাম। গত কয়েক মাস তিনি আমাদের বাড়িতেই ছিলেন।
অন্যদিকে, মালাপ্পুরমের নান্নামুক্কু পঞ্চায়েতে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সী প্রেমলতার মৃত্যু হলে বিপাকে পড়েন তার স্বামী সহদেবন ও মেয়ে নীতু। ১৮ বছর ধরে যে ছোট্ট ভাড়া বাড়িতে তারা থাকতেন, সেখানে মরদেহ স্নান করানোর মতো পর্যাপ্ত জায়গা ছিল না। এ সময় এগিয়ে আসে পল্লিক্কারার খাদিজা মসজিদ কর্তৃপক্ষ। মরদেহ স্নান করানোর জন্য পরিবারটিকে মসজিদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং মুসলিম নারীরাও মরদেহ ধোয়া ও কাপড় পরানোর কাজে সহায়তা করেন।
খাদিজা মসজিদের সভাপতি এ ভি আবদুর স্ত্রী ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নারী শাখা বনিতা লীগের রাজ্য সভাপতি সুহারা মাম্বাদ বলেন, আমি প্রেমলতাকে নিজের ছোট বোনের মতো দেখতাম। ওই পরিবারটির জন্য এমন উদ্যোগ নেওয়া আমাদের দায়িত্ব ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকেই আমরা এটি করেছি।
উল্লেখ্য, কয়েক মাস আগে হিন্দু নেতা ভেল্লাপল্লী নাতেসান মুসলিম-অধ্যুষিত মালাপ্পুরমে হিন্দুরা স্বাধীনভাবে নিশ্বাস নিতে পারেন না বলে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন।
ওয়ানাড়ের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সাথীসান। তিনি লিখেছেন, এই হলো আমার চেনা, ভালোবাসার ও বিশ্বাসের কেরালা। রাজাক ও সুলাইমান কল্যাণী আম্মার গর্ভজাত সন্তান ছিলেন না। তবুও প্রায় পাঁচ দশক ধরে তারা তাকে নিজের মায়ের মতো ভালোবেসেছেন ও যত্ন নিয়েছেন। বিদায়ের সময় এলে এই দুই ভাই নিজেদের সন্তানের মতো গভীর ভালোবাসা ও মর্যাদার সঙ্গে ৮৫ বছর বয়সী ওই নারীর শেষ ইচ্ছা পূরণ করেছেন। এখানে মায়ের ভালোবাসা ধর্ম দেখে না, সন্তানের দায়িত্ব জাত জিজ্ঞেস করে না।
তিনি আরও লিখেছেন, আমার কাছে এটিই কেরালাকে অনন্য করে তুলেছে। এমন এক ভূমি যেখানে ভালোবাসা ধর্ম মানে না, সহানুভূতি জাত চেনে না এবং মানবতা আমাদের একসূত্রে গাঁথে। কেরালার এই মহান চেতনা পুরো ভারতকে অনুপ্রাণিত করুক।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস