Image description

নেত্রকোনার মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত মামলায় মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ধর্ষণের পর জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় দেন।

এ ছাড়া মামলার অপর আসামি ও দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে আদালত ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের পিতৃপরিচয় হিসেবে দণ্ডপ্রাপ্ত আসামির নাম ব্যবহারের অনুমতি দিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী শিশু ও তার নবজাতক কন্যাসন্তানকে মায়ের সঙ্গে রাখার নির্দেশ দিয়ে নবজাতকের যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকে বহনের নির্দেশ দেন আদালত। এজন্য রাষ্ট্র চাইলে দণ্ডপ্রাপ্ত আসামির সব সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে শিশুর ভরণপোষণের ব্যয় মেটাতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী, নবজাতক শিশুটি তার প্রাতিষ্ঠানিক ও সরকারি নথিপত্রে বাবার পরিচয় হিসেবে আমান উল্লাহ সাগরের নাম ব্যবহার করতে পারবে।

রায়ের সংক্ষিপ্ত পর্যবেক্ষণে বিচারক মো. আব্দুছ সালাম শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় হাইকোর্টের পূর্ববর্তী একটি পর্যবেক্ষণের প্রসঙ্গ তুলে ধরে বিচারক বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি। বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বিচারক।

 

৯ কার্যদিবসে বিচার, ৬০ দিনে রায়

চাঞ্চল্যকর এই মামলার বিচারিক কার্যক্রম মাত্র ৯ কার্যদিবসে সম্পন্ন হয়েছে। মামলা দায়েরের পর থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে ৬০ দিন। বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল কবির রুবেল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনিসুর রহমান।

পিপি নুরুল কবির রুবেল বলেন, ‘মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ ৬০ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়েছে। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। ওই প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।’

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাদ্রাসার ওই ছাত্রীকে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয়ে প্রথমে শিশুটি বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। পরে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।

ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করলে র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান আসামি আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি।

মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে সিআইডির একটি বিশেষ দল নবজাতকের নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। এ প্রতিবেদন মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

পরবর্তীতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ তদন্তের অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সম্পত্তি লিখে দিয়ে রেহাই পেতে চেয়েছেন অভিযুক্ত

গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানির সময় আসামি নিজের ১২ শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মুক্তি দেওয়ার আকুতি জানান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। তবে আদালত তার এ প্রস্তাবে সাড়া দেননি। অবশেষে সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে বুধবার মামলার রায় দেন বিচারক।