ঢাকার দোহারের আলোচিত ‘হজবাবা’ মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১০ বছর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতারণার অভিযোগে করা একটি মামলায় তার কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।
মামলা সূত্রে জানা গেছে, একসময় দোহারের জয়পাড়া ও লটাখোলা এলাকায় ‘হজবাবা’ নামে পরিচিত ছিলেন মতিউর রহমান। ২০১৬ সালে উপজেলার লটাখোলা এলাকায় ‘নটাখোলা কাদরিয়া পাক দরবার শরিফ, ধ্যান মঞ্জিল’ নামে একটি আস্তানা গড়ে তোলেন তিনি। সেখানে পবিত্র কাবাঘরের আদলে একটি স্থাপনা তৈরি করে হজের অনুকরণে আনুষ্ঠানিকতা আয়োজনের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই আলোচনায় আসেন তিনি।
ওই বছরের ৯ অক্টোবর মতিউর রহমানের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে দোহার উপজেলা প্রশাসন ও পুলিশ তার আস্তানায় অভিযান চালায়। পরে আস্তানাটি সিলগালা করে দেওয়া হয়। তবে অভিযানের সময় তাকে সেখানে পাওয়া যায়নি।
এ ঘটনায় একই দিন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতারণার অভিযোগে মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে দোহার থানায় মামলা হয়। তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
পরে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত ওই মামলায় মতিউর রহমানকে পৃথক দুই ধারায় মোট তিন বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তার ৮ সহযোগীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
দীর্ঘ সময় পর মতিউর রহমানের গ্রেপ্তারের খবরে দোহারে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।