আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সম্মেলনের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপচারিতাও হয়।
তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।