Image description
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বাইক শোডাউন করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুল ইসলাম। মঙ্গলবার(১১ নভেম্বর) রাতে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে এই শোডাউন দেওয়া হয়। তবে কর্মসূচিতে সাবেক ছাত্রলীগের এক নেতার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ওই নেতার নাম আবিদুর রহমান। তিনি ২০২২ সালে ছাত্রলীগের মুজিব হলের শান্ত-মাহবুব কমিটির এক নম্বর সদস্য ছিলেন।
 
শোডাউনের পর কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আবিদুল ইসলাম। ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘হাজারো মতপার্থক্যে জুলাইয়ের গণহত্যার বিচারের প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের প্রশ্নে আপস হবে না।’
 
ভিডিওতে আবিদুল ইসলামের ঠিক বাম পাশের আরেকটি মোটরসাইকেলে আবিদুর রহমানকে দেখা যায়। মুজিব হলের শিক্ষার্থীদের কাছে তিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন। একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, আবিদুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
 
Media Imageআবিদুরের পদ © ইন্টারনেট
 
এদিকে আবিদুর রহমান ছাত্রদলের কোনো পদে না থাকলেও ছাত্রদলের নেতাদের সঙ্গে তাকে নিয়মিত চলাফেরা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘সে এখন ছাত্রদলে গেছে। আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতি করত। ২০২৪ সালের পর আমি যে কক্ষে উঠেছিলাম, সেখানে এক বন্ধুর সঙ্গে আড্ডার সময় একজন বলেছিল, আবিদুর নাকি হামলার সঙ্গে জড়িত ছিল।’
 
তিনি আরও বলেন, ‘ধাওয়া-পাল্টাধাওয়ার সময় সে পুকুরপাড় দিয়ে পেছনে গিয়েছিল বলে শুনেছি। প্রায় দুই বছর হয়ে গেছে। বর্তমানে ছাত্রদলের শরীফের সঙ্গে তাকে নিয়মিত চলাফেরা করতে দেখা যায়। শরীফের পেছন পেছনই থাকে।’
 
আবিদুর রহমান ছাত্রলীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন কি না, এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘এ রকম কোনো তথ্য নেই।’
 
আবিদুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করেও ছাত্রলীগ থেকে পদত্যাগের কোনো ঘোষণা পাওয়া যায়নি। তার ফেসবুক পাতায় ছাত্রলীগপন্থী বিভিন্ন বয়ান ও বক্তব্যের উপস্থিতি দেখা যায়। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রলীগের অনেক পদধারী নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেও আবিদুর রহমানের পাতায় তেমন কোনো ঘোষণা দেখা যায়নি। এমনকি জুলাই চলাকালীন তার কোনো পোস্টও চোখে পড়েনি।
 
Media Imageআগস্টে তার ফেসবুক পোস্ট © ফেসবুক
 
তবে ৫ আগস্ট নিজের ফেসবুক পাতায় একটি পোস্ট দেন আবিদুর রহমান। সেখানে তিনি লেখেন, ‘শিক্ষার্থী কিংবা পুলিশ কারও মৃত্যুই কাম্য নয়। প্রত্যেকটা প্রাণ এদেশের সম্পদ।’ পোস্টটির সঙ্গে দুটি গণমাধ্যমের ফটোকার্ড যুক্ত করেন তিনি। একটিতে শিরোনাম ছিল, ‘দেশের বিভিন্ন স্থানে হামলা-সহিংসতায় নিহত ১০১’, অন্যটিতে বলা হয়, ‘বিকেলেই ১৪ পুলিশের মৃত্যু’। একই সময়ে ছাত্রলীগের অন্য নেতাদেরও এ ধরনের বক্তব্য দিতে দেখা যায়। যদিও পরে জুলাই অভ্যুত্থান চলাকালে তোলা কিছু ছবি তার ফেসবুক পাতায় প্রকাশ করতে দেখা যায়।
 
এ বিষয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে তিনি কোনো মিছিল করেননি; ক্যাম্পাসে ঘোরাফেরার সময় আবিদুর রহমান সেখানে ছিলেন। তিনি ছাত্রদলের কোনো কমিটিতে আছেন কি না, তা নিশ্চিত নন। তবে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান আবিদুল ইসলাম। তার ভাষ্য, ৫ আগস্টের পর সাংগঠনিক যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ব্যক্তিকে পুনর্বাসনের ঘটনা ঘটেছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। আবিদুর রহমানকে নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য না করলেও তিনি বিষয়টি নজরে রাখছেন।