Image description

রাজধানীর ক্যান্টনমেন্টের প্রবেশপথ জাহাঙ্গীর গেটের সামনে স্থাপিত একটি বিলবোর্ডে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ক্ষোভ প্রকাশের আধঘণ্টার মধ্যেই সেটি সরানো হয়েছে।

আজ বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মাহমুদুর রহমান বিলবোর্ডটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারণের দাবি জানান।

 

মাহমুদুর রহমান বক্তব্য দেন বেলা সাড়ে ১২টায়। এরপর সরেজমিনে ১২টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারণ করা হয়েছে।

 

বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ‘আজকে আপনাদের এখানে আসার সময় একটা বিলবোর্ড দেখে আমি বড় দুঃখ পেয়েছি। জাহাঙ্গীর গেটের সামনে বিশাল এক বিলবোর্ড দেখলাম, এখনো সেই বিলবোর্ডে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি বিরাট ছবি সংবলিত ব্যানার ঝুলছে।’

 

জুলাই বিপ্লবের দুই বছর পরও ক্যান্টনমেন্টের সামনে এমন বিলবোর্ড কীভাবে থাকতে পারে, তা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। গত দুদিন সারা দেশে যে সন্ত্রাস হয়েছে, তা শেখ হাসিনার নির্দেশে এবং দিল্লির এস্টাব্লিশমেন্টের সহায়তায় তাদের এদেশীয় এজেন্টরা করেছে।

 

তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির বিলবোর্ড বাংলাদেশের এক নম্বর ক্যান্টনমেন্টের আর্মি হেডকোয়ার্টারের সামনে এখনো থাকবে, এটা আমরা জুলাই বিপ্লবের পর আশা করিনি।’

 

বিলবোর্ডটি অপসারণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘আমি আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিলবোর্ড এখান থেকে সরে যাবে। আমি আপনাদের মাধ্যমে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষকে এই আহ্বান জানাই।’

 

মাহমুদুর রহমানের এই বক্তব্যের আধঘণ্টার মধ্যেই বিলবোর্ড থেকে হাসিনার ছবি সংবলিত ব্যানারটি সরিয়ে ফেলা হয়। সরেজমিনে জাহাঙ্গীর গেটে গিয়ে দেখা যায়, শুধু এক কোণায় এর অবশিষ্ট অংশ ঝুলে আছে।

 

এ বিষয়ে জাহাঙ্গীর গেটে কর্মরত এক পুলিশ সদস্যের কাছে জানতে চাইলে তিনি জানান, কিছুক্ষণ আগেই কয়েকজন লোক এসে এটি খুলে নিয়ে উত্তর দিকে চলে গেছে।