Image description

নরসিংদীতে স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের দিয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন । আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজির পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নির নগ্ন ভিডিও তৈরি করতেন। পরে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন বলে অভিযোগ । এ ছাড়া তার ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি গিয়াস উদ্দিনের পরিবার মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশের ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যায়। সেখানে মঞ্জুর মোর্শেদ লিটন নামের এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা ভাড়া নেয় তারা।

গোপন সূত্রে এ তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল পরিবারের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

ওসি শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।