Image description

কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস শেখ নিহত হওয়ার ঘটনায় চলমান চিরুনি অভিযানের মধ্যেই এবার দুর্গম পাহাড়ে তিন ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব দিকের গভীর পাহাড়ি অঞ্চলে মরদেহের পাওয়ার তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্গম পাহাড়ে ৩ মরদেহ পড়ে আছে বলে আমরা খবর পেয়েছি। তবে এখনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহগুলো যে স্থানে রয়েছে বলে জানা গেছে, সেটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা। যেখানে পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি হাঁটতে হয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবার মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে শনিবার দিনের আলোতে সেই পাহাড়ে যৌথ বাহিনী উদ্ধার অভিযান শুরু করবে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে পাহাড়ে একটি সশস্ত্র মানবপাচারকারী চক্রের হামলায় সেনাসদস্য তিতাস শেখ নিহত হওয়ার পর থেকেই ওই অঞ্চলে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ চিরুনি অভিযান চলছে।