কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের গতি কমে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর এআই খাতের ভবিষ্যৎ বিনিয়োগ ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ বাড়ায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
বিবিসি, দ্য গার্ডিয়ান সূত্রে খবর, এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে বড় পতন দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক প্রায় ৬ শতাংশ কমেছে, যা ২০২৫ সালের ৭ এপ্রিলের পর সর্বোচ্চ এক দিনের দরপতন। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক কমেছে ৬ দশমিক ৭ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক কমেছে ৪ দশমিক ৫ শতাংশ।
বাংলা সংবাদ
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে এক দিনেই মুছে গেছে ৩ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক কমেছে ৫ দশমিক ৫ শতাংশ। ডাও জোন্স কমেছে ৩ দশমিক ৪৪ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচকের পতন হয়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ।
এআই খাতের সঙ্গে সংশ্লিষ্ট চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে সবচেয়ে বেশি পতন হয়েছে। স্যানডিস্কের শেয়ারদর কমেছে ২২ শতাংশ, মাইক্রন ও এএমডির কমেছে ১৭ শতাংশ করে। চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারদরও কমেছে ৯ শতাংশের বেশি।
প্রতিবেদন সূত্রে, ডেমোক্র্যাটরা ডেটা সেন্টার সম্প্রসারণের বিষয়ে তুলনামূলক কঠোর অবস্থানে থাকায় এআই খাতে বিনিয়োগের গতি কমতে পারে। এ ছাড়া প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর আয় ও এআই খাতে ব্যয়ের প্রবৃদ্ধি নিয়েও বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। ফলে এআই খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।