Image description

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন।

এ ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি ওই ছাত্রী। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রীর মা মমতা খাতুন বাদী হয়ে ওই প্রাইভেট শিক্ষক ও তার মাকে বিবাদী করে থানায় অভিযোগ দিয়েছেন। 

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত রাজিব হোসেন স্থানীয় ‌‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক। তিনি বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রেশমাকে (ছদ্মনাম) কোচিং সেন্টার ও তার বাসায় নিয়মিত প্রাইভেট পড়াতেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরে ছাত্রীর মা খোঁজ নিয়ে জানতে পারে প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তার নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। রাজিব আগেও দুজন ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করলেও পরবর্তীতে দুজনকেই ডিভোর্স দেন।

বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, রাজিব কোচিং সেন্টারের নামে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজনক কাজ করছে। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। তিনি এ ঘটনায় ওই প্রাইভেট শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় ছাত্রী উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।