কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে অবস্থিত লুৎফর রহমানের একটি কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক পরিচয়ে লুৎফর রহমান ফুলবাড়ী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। মাদকবিরোধী অভিযানে তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। অভিযান শেষে তাঁকে ফুলবাড়ী থানায় নেওয়া হয়।
এ বিষেয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ‘মাদকসহ একজনকে আটকের বিষয়টি আমি শুনেছি। আমি এই মুহূর্তে স্টেশনে নেই।’