Image description

ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। ট্রেন দুটি যাতায়াত করবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে।

নতুন এই ট্রেনের সূচি ও পরিচালনা-সংক্রান্ত সংশোধনী প্রস্তাব গত বুধবার রেলপথ মন্ত্রণালয় অনুমোদন করেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পাবনা থেকে ঢাকাগামী ট্রেনটির নাম দেওয়া হয়েছে ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’।

অন্যদিকে, ঢাকা থেকে পাবনাগামী ট্রেনটির নাম হবে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

ট্রেন দুটি পাবনা-ঢাকা-পাবনা রুটে যমুনা সেতু হয়ে চলাচল করবে। পথে উভয় দিকের যাত্রায় দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

শীর্ষনিউজ