রাজধানীর পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক সিএনজি চালিত অটোরিকশা চালক।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।মো. হাবিবুর রহমান বলেন, বুধবার দিবাগত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা অটোরিকশা চালক জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালীর সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)। আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালক সুভাষ চন্দ্র (৩৬)। তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। বাবা অটোরিকশা চালান। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন।
তখন একটি বড় ট্রাক এসে তাদের ওপর উঠিয়ে দেয়। ৪ থেকে ৫টি টং দোকানও গুঁড়িয়ে দেয়।
মাহিন হোসেন আরও বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জেনেছি। সেখান থেকে আমাদের জানানো হয়েছে।
শীর্ষনিউজ