Image description

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল সহসাই প্রকাশ হচ্ছে না। বদলি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের পর ফল প্রকাশের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। সব শিক্ষককে বদলি করা হবে, নাকি কেবল এনটিআরসিএর সুপারিশকৃত  শিক্ষকদের; সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি মন্ত্রণালয়।

সূত্রের তথ্য বলছে, শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি করতে হলে বদলি নীতিমালায় পরিবর্তন আনতে হবে। নীতিমালায় কোন বিষয়গুলো পরিবর্তন করা হবে তা-ও চূড়ান্ত হয়নি। ফলে কবে নাগাদ বদলির ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএ নেত্রকোনার শিক্ষককে রাজশাহীতে নিয়োগ দিয়েছে। বদলিটা ওই শিক্ষকের বেশি প্রয়োজন। তবে এমপিওভুক্ত সব শিক্ষককে বদলি আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। ফলে বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা খুঁজে দেখা হচ্ছে।’

শিক্ষা পরামর্শ

 

ডিসেম্বরের মধ্যে বদলির ফল প্রকাশ করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি নির্ভর করছে শিক্ষামন্ত্রীর ওপর। মন্ত্রী যত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তত দ্রুত শিক্ষকদের বদলির ফল প্রকাশ করা সম্ভব। বদলির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব না।’