Image description

সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলছে আগামী ১ নভেম্বর থেকে। তবে দ্বীপে পর্যটক পরিবহনে জাহাজ চলাচল শুরু হবে ৬ নভেম্বর থেকে। মাঝের পাঁচ দিন পর্যটকেরা কীভাবে দ্বীপে যাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে সালাউদ্দিন সুমন বলেন, সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরুর আগে পাঁচ দিন পর্যটকেরা ট্রলার কিংবা স্পিডবোটে যাতায়াত করতে পারবেন। তবে ট্রলার বা স্পিডবোটে যাওয়ার সুযোগ থাকলে জাহাজ চলাচলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সেন্টমার্টিন খুলবে পহেলা নভেম্বর থেকে। আর জাহাজ চলবে ৬ নভেম্বর থেকে।
তাহলে এই ৫দিন পর্যটকরা কিভাবে যাবে? উত্তর হলো, ট্রলারে কিংবা স্পিডবোটে যাবে।’

তিনি আরও বলেন, ‘ট্রলারে কিংবা স্পিডবোটে যাওয়াটা যদি সমস্যা না হয়ে থাকে, তাহলে তো জাহাজের কোনো দরকারই ছিলো না। জাহাজে সময় বেশি লাগে, টাকাও বেশি লাগে। আসলে জাহাজে ভ্রমণটা অধিক নিরাপদ, আমরা সবাই জানি। তারপরও কেনো ৫দিন পর থেকে কেন জাহাজ চলবে?’

তিনি বলেন, ‘খোঁজ নিয়ে জানলাম, জাহাজগুলো এখনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি। ছাড়পত্রগুলো নিশ্চয় এক টেবিল থেকে আরেক টেবিলে পায়চারি করছে। এদেশে যা-হয় আরকি। যা ভাবছি, তা না হলে তো একদিনেই সবকিছু সম্পন্ন করে ফেলা যেতো।’

ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়ায় জটিলতা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে আগে থেকে পরিকল্পনা করলে পর্যটকদের এমন পরিস্থিতিতে পড়তে হতো না।

সালাউদ্দিন সুমন বলেন, ‘বলতে পারেন, 'হুমমম, বসে বসে এমন গালগপ্পো করাই যায়। ছাড়পত্র দেয়া তো ছেলের হাতে মোয়া নয়!'
ধরেই নিলাম, অনেক জটিল ও কঠিন বিষয় এটি। তাহলে আগে থেকে কেনো এই বিষয়গুলো নিয়ে ভাবা হয়নি?’

দেশের পর্যটন খাত নিয়ে সংশ্লিষ্টদের ভাবনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন এই ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর। পরিবেশের বিষয়টি গুরুত্ব পেলেও পর্যটন নিয়ে যথেষ্ট পরিকল্পনা করা হয় না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন , ‘ভাবা হয়নি, কারণটা হলো খুব সোজা।’

‘আমরা আসলে পর্যটন নিয়ে ভাবিই না। যা একটু ভাবি, তার নাম 'পরিবেশ'। সেটাও আবার বাস করে ওই সেন্ট মার্টিনেই। দেশের অন্য কোথাও উহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না! ’