Image description

জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭। পরে প্রায় পাঁচ ঘণ্টা পর যাত্রা শুরু করে এই ফ্লাইটি। হঠাৎ এই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বিমানমন্ত্রী বলেন, ‘বিমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় যাত্রা শুরু করেছে বিজি ৩৭৭।’

‘নিরাপদে ঢাকায় অবতরণ করতে পারব’ আশা মন্ত্রীর।

এর আগে স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটের দিকে যাত্রা শুরু করে বিজি ৩৭৭। তার আগে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় বিমানের যান্ত্রিক ত্রুটি সারতে সক্ষম হন প্রকৌশলীরা। ত্রুটি ছিল মূলত সফটওয়্যার সিস্টেমে, এমনটি জানিয়েছিলেন তারা।

 

এরপর ‘ত্রুটি সারিয়ে ‘সার্ভিসেবল’ হয়েছে বিমান। কিছু সময়ের মধ্যে ফের বোডিং শুরু হবে’ যাত্রীদের উদ্দেশে জানানো হয় বিমানবন্দর কাউন্টার থেকে।

তার আগে বিমানটি যান্ত্রিক ক্রটিতে পড়লে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে পড়েন। সঙ্গে অন্য যাত্রীরও। প্রায় চার ঘণ্টার মতো বিমানবন্দরের লাউঞ্জেই অবস্থান করছিলেন তারা।
ওই সময় বিমানের পাইলট ক্যাপ্টেন ইমামুল জানিয়েছিলেন, প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন।

স্থানীয় সময় এদিন সন্ধ্যা ৬টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান এবং দুঃখ প্রকাশ করেন। পরে বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।