ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সরকারি ফোন নম্বর তার স্ত্রী ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা।
সম্প্রতি সরাইলে সংঘর্ষের ঘটনা সম্পর্কে জানতে ওই নম্বরে ফোন করলে ওসির পরিবর্তে তার স্ত্রী কলটি রিসিভ করেন।
এ ছাড়া জেলার অন্যান্য থানার ওসিরাও সাংবাদিকদের ফোন রিসিভ করেন না বলে অভিযোগ উঠেছে। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিপাকে পড়ছেন সাংবাদিকেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে নবাগত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
সভায় প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সরাইল থানার ওসির সরকারি নম্বরে ফোন করার অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি জানান, সম্প্রতি ওই নম্বরে ফোন করলে ওসির স্ত্রী কলটি রিসিভ করেন। এ সময় তিনি ওসির সঙ্গে কথা বলতে হলে তার বিকল্প ব্যক্তিগত নম্বরে ফোন করার পরামর্শ দেন। এ সংক্রান্ত কল রেকর্ডও পুলিশ সুপারকে শোনান প্রেস ক্লাব সভাপতি। বিষয়টি শুনে উপস্থিত ব্যক্তিরা বিস্ময় প্রকাশ করেন।
সাংবাদিকেরা অভিযোগ করেন, জেলার প্রায় সব থানার ওসিই তাদের এড়িয়ে চলেন। এ ছাড়া থানায় সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী ও কসবা থানার ওসি আলী মো. রাশেদের বিরুদ্ধে।
এ পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন তারা।
পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে পুলিশ সুপার বলেন, ‘ওসিরা যেন ফোন রিসিভ করেন এবং সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করেন, সে জন্য তাদের নির্দেশনা দেওয়া হবে।’
জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। এ জেলায় বহু গুণী মানুষের বসবাস। তবে বর্তমান প্রেক্ষাপটে কিশোর গ্যাং, মাদকাসক্তি, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও গোষ্ঠীগত দাঙ্গাসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশ কাজ করছে।’
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজমসহ অন্যরা উপস্থিত ছিলেন।