সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক করা ও এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সড়ক অবরোধের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে আলোচনার মাধ্যমে সংকট সমাধান এবং উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব এসেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতিসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় বলা হয়, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বাধার কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের এ অচলাবস্থায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে বলেও সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সংকট নিরসনে প্রাথমিকভাবে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব দেয়া হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এ দলের নেতৃত্বে থাকবেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সভায় সাজেক সড়কে যান চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা এবং এ কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেয়ার অভিযোগে কার্বারী অ্যাসোসিয়েশনকে জবাবদিহির আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।
সভা থেকে জনদুর্ভোগ নিরসন, এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেয়া হয়।