Image description

বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেন বাংলাদেশিরা।

এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের প্রতিরোধ করেন এবং ধাওয়া দেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন বলে অভিযোগ।

এর আগে গত ২০ অক্টোবর পাটগ্রামের তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় এক বাংলাদেশি ভ্যানচালককে মারধর করেন বিএসএফের এক সদস্য। এ ঘটনার পরদিন ২১ অক্টোবর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানানো হলে বিএসএফ সদস্যরা দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেন।

এরই মধ্যে শনিবার বামনদল সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হলো।

এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর তিনবিঘা করিডোরে এক বাংলাদেশি ভ্যানচালককে মারধরের ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে বিএসএফ সদস্যরা দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছিলেন। তবে শনিবার বিকালে বামনদল সীমান্তে বিএসএফ ও বাংলাদেশি গ্রামবাসীর মধ্যে সৃষ্ট ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।