Image description

বিভাজন আর ঘৃণা উসকে দিতে দেবী দুর্গার আদলে নিজের মুখ বসিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা এ অভিযোগ করে বলেন, বিভাজন ও ঘৃণা উসকে দিতে কেউ একজন ছবিটি তৈরি করে ছড়িয়ে দিয়েছেন।

ধর্ষণ, হত্যা, ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন, প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ এবং ধর্মকে ব্যবসা বানানোসহ ২২টি বিষয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এসব কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের কথা সামনে আসে না কেন। অথচ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়।

পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

ছবিতে তাঁকে দেবী দুর্গার আদলে আট হাতবিশিষ্ট অবস্থায় দেখানো হয়েছে। এ নিয়ে রুমিন লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

পোস্টের কমেন্টে একটি স্ক্রিনশট পোস্ট করে রুমিন ফারহানা অভিযোগ করেন—অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান প্রথম এ ছবিটি শেয়ার করেছেন, পরে তিনি তা ডিলিটও করেন বলে উল্লেখ করেন রুমিন।

সম্প্রতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় পূজামণ্ডপে তাঁর উপস্থিতি ও প্রতিমা পরিদর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই দেবী দুর্গার আদলে তাঁর মুখ বসানো ছবিগুলো ছড়িয়ে পড়ে।