ইয়েমেনের হুতি বাহিনীর হামলায় সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রযেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, নিহত দুজনের একজন সৌদি নাগরিক ও অন্যজন ভারতীয় নাগরিক। নিহতের সংখ্যা হালনাগাদ করে নতুন করে এ তথ্য জানানো হয়। এর আগে একজন নিহতের খবর জানিয়েছিল জিএসিএ।
জিএসিএ আরও জানায়, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। কয়েকটি হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে ও বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কাজ চলছে।
একই সঙ্গে দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় জিএসিএ।
ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বৃদ্ধির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কারণে রিয়াদ তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে এবং বড় একটি বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে বাধ্য হয়।
চলতি অক্টোবর মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে হিসাব করেছে এএফপি। এর আগে গত ১১ অক্টোবরেও কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছিল।