Image description

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নিহতদের লাস দেশে ফেরাতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি পূর্ণাঙ্গ তদন্ত, লাশ ফেরত, ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহির দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এইচআরএসএস বলেছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা করে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়ে থাকলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। একই সঙ্গে এটি নিরাপদ অভিবাসন ব্যবস্থার ব্যর্থতার ইঙ্গিত বহন করে।

বিজ্ঞাপন

বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত তিন বছরে রাশিয়ায় যুদ্ধে অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতিতে নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছে। এইচআরএসএস বলছে, নিহত ও নিখোঁজদের প্রকৃত অবস্থা, নিয়োগপ্রক্রিয়ায় প্রতারণা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি।

সংগঠনটির মতে, প্রবাসী নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এ ঘটনায় মন্ত্রণালয় দুটির গৃহীত পদক্ষেপ ও ব্যর্থতার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সংগঠনটির দাবি, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্তে নিয়োগকারী ও দালালদের দায় নির্ধারণ করতে হবে। নিহতদের লাশ ফেরত আনতে ও নিখোঁজদের সন্ধানে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ, বিমা ও পুনর্বাসন সুবিধা দিতে হবে। মানবপাচারে জড়িতদের বিচার এবং বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারিও চাওয়া হয়েছে। পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে জনসমক্ষে ব্যাখ্যা দিতে হবে। অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।