দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। এ দফায় ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অলংকারের নকশা অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণের অলংকারের ক্ষেত্রে ৫ শতাংশ এবং রুপার অলংকারের ক্ষেত্রে ৬ শতাংশ ভ্যাট ছাড় দেওয়ার বিধান উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়।