Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার সকালে রংপুরে আসছেন। দুর্গাপূজা উপলক্ষে নগরীর স্টেশন রোড এলাকার ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। তার নিরাপত্তায় চার স্তরের কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থা। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার দুপুরে ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির এলাকায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নেতৃত্বে এসআরবি ও পুলিশের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের অবস্থান, প্রধানমন্ত্রীর আগমন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়সহ নিরাপত্তার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। মন্দির এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাধাগোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক খোকন সরকার বলেন, স্বাধীনতার পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রংপুরে আসছেন। তারেক রহমানকে স্বাগত জানাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ মুখিয়ে আছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

নগরীর স্টেশন রোড এলাকার ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রীনগরীর স্টেশন রোড এলাকার ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সাধন চন্দ্র বলেন, ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন মন্দির। মন্দিরটির রয়েছে দীর্ঘ ঐতিহ্য।

 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংপুর নগরীতে পরিচ্ছন্নতা অভিযান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। মঙ্গলবার নগরীর কাছারী বাজারসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপরও স্থাপনা না সরানোয় বুলডোজার দিয়ে সেগুলো ভেঙে দেওয়া হয়।

হাসপাতালে রাতভর ধোয়ামোছা

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের কথা থাকলেও তিনি আকস্মিকভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্য কোনও স্থান পরিদর্শন করতে পারেন—এমন আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার দুপুরে সরেজমিনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের ভেতরের আগাছা পরিষ্কার করা হচ্ছে। হাসপাতালের সামনে থাকা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে চলছে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে টয়লেটসহ বিভিন্ন স্থাপনা ধোয়ামোছা করা হয়েছে। সারাদিন অন্যান্য কাজও করা হবে।

রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগীদের নতুন বেড কভার দেওয়া হয়েছে এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে। চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের তৎপরতাও বেড়েছে।

নিরাপত্তায় চার স্তরের কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থানিরাপত্তায় চার স্তরের কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থা

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী মমতাজ বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘হঠাৎ করেই আজ সকাল থেকে চিকিৎসক, নার্স ও আয়ারা বারবার আমার কাছে আসছেন, শারীরিক সমস্যার খোঁজখবর নিচ্ছেন এবং ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ দিচ্ছেন। বিষয়টি আমাকে অবাক করেছে। পরে জানতে পারলাম, প্রধানমন্ত্রী মঙ্গলবার আকস্মিকভাবে হাসপাতালে আসতে পারেন। এজন্য আমাদের এত কদর করা হচ্ছে।’ একই কথা জানান সখিনা বেওয়া নামে এক বৃদ্ধা রোগীও। তিনি বলেন, ‘সকাল থেকে সবাই খোঁজ নিচ্ছেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, আয়া, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ ওয়ার্ডে অবস্থান করে রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক সফর করতে পারেন—এমন সম্ভাবনা সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।