দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিজের পোষা সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকালে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে সাপের বাক্স থেকে সাপ বের করার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম।
নিহত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। দীর্ঘ ৩০ বছর ধরে সাপ খেলা দেখানো ও ওঝার কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে সাপ খেলা দেখানোর উদ্দেশ্যে বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। এসময় একটি মাছাওলি সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম এশিয়া পোস্টকে জানান, সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর লোগেন হাসদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।