সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ১২৬টি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী। স্থগিত ফ্লাইটের মধ্যে সরাসরি রুটের ৫৯টি এবং ট্রানজিট রুটের ৬৭টি।
সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট রুটে ফ্লাইট স্থগিতের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
ফ্লাইট স্থগিত থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে সৌদি আরবগামী ও সেখান থেকে ট্রানজিট নিয়ে অন্য দেশে যাওয়ার যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে এ অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। তবে কবে নাগাদ সব ফ্লাইট স্বাভাবিক সূচিতে ফিরবে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।