প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার ঘোষণা দিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার ( ১৯ অক্টোবর) এক দিনেই জাতীয় প্রেসক্লাবে সমর্থকদের স্লোগান, ছাদখোলা জিপে রাজধানীর সড়ক প্রদক্ষিণ এবং গোপীবাগের বাসায় ফিরে সংবর্ধনা পাওয়াসহ নানা ঘটনার মধ্য দিয়ে গেছে তার দিনটি।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইশরাক। সেখানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে দুপুর ৩টার দিকে প্রেসক্লাব থেকে বের হন ইশরাক।
প্রেসক্লাব থেকে শুরু হওয়া বহরটি শিক্ষা ভবনের সামনে দিয়ে সচিবালয়, গুলিস্তান জিরো পয়েন্ট ও বঙ্গভবনের পেছনের সড়ক হয়ে ইত্তেফাকের মোড়ের দিকে এগোয়। পুরো পথেই ইশরাকের সঙ্গে ছিলেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে বারবার উঠে আসে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয়।
সমর্থকদের কণ্ঠে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’, ‘মাদকের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’-এমন নানা স্লোগান।
ইশরাকের গাড়িকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে গুলিস্তান এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সড়কে তৈরি হয় যানজট। বঙ্গভবনের পেছনের সড়কে পৌঁছানোর পর সেই যানজটে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স।
অ্যাম্বুলেন্সটি আটকে থাকতে দেখে ইশরাক নিজেই এগিয়ে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেন। তার উদ্যোগে অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।
তবে বহরের কারণে সড়কে যানজট বাড়তে থাকায় একপর্যায়ে নেতাকর্মীদের নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। এরপর ইত্তেফাকের মোড় থেকে নিজের গাড়িতে একাই গোপীবাগের বাসার উদ্দেশে রওনা হন ইশরাক।
গোপীবাগের বাসায় পৌঁছালে সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তাদের কেউ কেউ ইশরাককে সান্ত্বনা দেন। তাদের বক্তব্যে উঠে আসে, ভালো কাজ করতে গিয়ে তাকে পদ ছাড়তে হয়েছে এবং ভবিষ্যতে তাঁর জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।
এ সময় সমর্থকদের একাংশকে তাকে মেয়র হিসেবে দেখতে চেয়েও স্লোগান দিতে দেখা যায়। পদত্যাগের ঘোষণা ঘিরে দিনের শুরু থেকে তৈরি হওয়া রাজনৈতিক আলোচনা গোপীবাগের বাসায়ও সমর্থকদের উপস্থিতি ও স্লোগানের মধ্য দিয়ে অব্যাহত থাকে।
সোমবার প্রেসক্লাব থেকে গোপীবাগ পর্যন্ত ইশরাকের গাড়িবহরের সঙ্গে সরেজমিনে গিয়ে এসব দৃশ্য দেখা যায়।
এর আগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক জানান, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।
ইশরাকের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং এ কাজে সময় দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে মাদককে দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন ইশরাক। মাদকের হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বানও জানান তিনি।