শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত শুক্রবার ছাড়া বাকি চারদিনে প্রতিদিন ১৭১টি করে ট্রিপ পরিচালনা করা হবে। শুক্রবার (২৩ অক্টোবর) ট্রিপের সংখ্যা হবে ৮২টি।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. তায়েব জাহাঙ্গীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।
এই দিনগুলোয় সকালের প্রথমভাগে ১২ থেকে ২০ মিনিট বিরতিতে ট্রেন চলবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিরতি কমিয়ে ১০ মিনিট করা হবে। দিনের শেষভাগে ট্রেনের বিরতি আবার ১৫ থেকে ২০ মিনিটে উন্নীত হবে।
শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হবে দুপুর থেকে। উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩টায়। মতিঝিল থেকে বিকেল ৩টা ২০ মিনিটে। উভয় দিকেই রাত ৯টা বা তার কিছু পর পর্যন্ত ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর পর্যায়ক্রমে বিরতি বেড়ে ১৫ ও ২০ মিনিট হবে।
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীচাপ সামাল দিতে অতিরিক্ত দুটি ট্রেন প্রস্তুত রাখা হবে। এর একটি থাকবে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এবং অন্যটি ডিপোতে। যাত্রীচাহিদার ভিত্তিতে এসব ট্রেন পরিচালনা করে ট্রেনের মধ্যবর্তী বিরতি সমন্বয় করা হবে।
প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে ২০-২২ অক্টোবর সরকারি ছুটি। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি রয়েছে।