ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, ‘ঢাকা-৬ এলাকাটিকে শতভাগ মাদকমুক্ত করা হবে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঢাকা শহর থেকে মাদক ব্যবসায়ী ও মাদক বিক্রি চিরতরে নির্মূল করা হবে।’
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন শেষে বাসায় ফেরার পথে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজ আমি অত্যন্ত গর্বিত একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি বিগত কয়েক মাস মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। মুক্তিযুদ্ধ ছিল জাতির শ্রেষ্ঠ অধ্যায় এবং সেই সময় যারা বীর শহীদরা রয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের কিছুটা হলেও উপকার করার চেষ্টা করেছি। পাশাপাশি ২৪-এ যারা শহীদ হয়েছেন, তাদেরকেও আমি কিছুটা সেবা দেওয়ার চেষ্টা করেছি।
ইশরাক আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অবশ্যই হবে। তাদেরকে পুনর্বাসন করা আমাদের সরকারের একটি অগ্রাধিকার। আমরা পরিকল্পনা পাঠিয়েছি; সেটা চলে আসলে আমরা মডিউল ভিত্তিক, চাহিদাভিত্তিক এবং ডিসেবিলিটি (প্রতিবন্ধকতা) ভিত্তিক তাদেরকে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করব। পাশাপাশি বিভিন্ন সময়ে যারা বাদ পড়েছেন, তাদের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। আপনারা সরাসরি মন্ত্রণালয়ে জমা দিলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অতীতে বাদ পড়া জুলাই আহতদের অন্তর্ভুক্ত করে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসা হবে।’
তিনি আরও বলেন, ‘আমি পদত্যাগ করেছি বা দায়িত্ব থেকে চলে গেলাম মানে সব ভুলে গেলাম—আমি কিন্তু এমন মানুষ নই। আপনারা যারা গুরুতর আহত, আপনাদের বিষয়টি আমার মাথায় রয়েছে; এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সাথে কথা বলব।’
সবশেষে তিনি বলেন, ‘ঢাকা-৬ এর সংসদ সদস্য হিসেবে এলাকাটিকে শতভাগ মাদকমুক্ত করা হবে এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঢাকা শহর থেকে মাদক ব্যবসায়ী ও মাদক বিক্রি চিরতরে নির্মূল করা হবে।’