Image description
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমি অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমার দলীয় কোনো কর্মী কোনো প্রকার চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। শৈলকুপাসহ সারা দেশে আমরা তথাকথিত মব জাস্টিস বন্ধ করেছি। যারা ভিন্নমতের আছে তাদের বিরুদ্ধে মব জাস্টিস করার সুযোগ দেয়া হবে না।
 
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টায় শৈলকুপায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোকান মালিক সমিতি, ভ্যান, রিক্সা, ইজিবাইক, মাহেন্দ্র শ্রমিক সমিতির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘১৭ বছরে যে লুটপাট হয়েছে, যে অন্যায় হয়েছে, আমাদের প্রথম দিনের শপথ ছিল সব লুটপাট, সব অন্যায়, সব সন্ত্রাসীর বিরুদ্ধে আইনসঙ্গতভাবে ব্যবস্থা নেব। আমরা নিজেরা আইন নিজের হাতে তুলে নেব না। সেই থেকে আজ পর্যন্ত শান্ত পরিবেশ নিশ্চিত করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি।’
 
তিনি আরও বলেন, ‘আগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হতো। টাকার বিনিময়ে নিয়োগ হতো। আমরা সেটা বন্ধ করেছি। এখানে যে শ্রম দিতে পারবে, যার দক্ষতা আছে, আমরা তাকে নিয়োগ দেয়ার চেষ্টা করছি।’
 
 
আইনমন্ত্রী বলেন, ‘আপনারা বিশ্বাস রাখবেন মন্ত্রীর নামে যে বরাদ্দ আসবে, তার প্রত্যেকটা পাই-পয়সা বুঝে দেয়া হবে। এখানে (শৈলকুপায়) আমার কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ আনতে পারবে না। আমাদের দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িতও নয়।’
 
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, ‘সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা বিদ্যুৎ, শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির আহ্বায়ক পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, দোকান মালিক সমিতির সদস্য সচিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু উপস্থিত ছিলেন।’