Image description

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা করছে অধিদপ্তর। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান। 

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি এইমাত্র শুনলাম। আমরা বসছি, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা স্থগিত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষা আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। রাজধানী ঢাকার প্রায় ১০০টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।