প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন তারিখ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এছাড়াও এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছ। কমিটি তদন্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, আজ শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
তবে পরীক্ষার আগের রাতে সম্ভাব্য প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক স্ট্যাটাসে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তার এক আত্মীয়সহ অধিদপ্তরের একটি বড় চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।
ওই স্ট্যাটাসে আরও দাবি করা হয়, প্রার্থীপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকায় চুক্তি করা হয়েছে। কথিত প্রশ্ন ও উত্তর রাতভর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের পড়ানো হচ্ছে।