শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের আইনজীবী থাকায় শিশির মনিরকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি করছি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা রাশেদ খাঁন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, গতকাল শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজপথে সবাই নেমেছে। ছাত্রদল, ছাত্রঅধিকার পরিষদ, ছাত্রশিবির, এনসিপিও প্রোগ্রাম করেছে। আমার প্রশ্ন হলো, আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, যিনি জামায়াতের একজন বিখ্যাত আইনজীবী। জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ছিলেন। জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হন, তখন শিবির কোন লজ্জায় রাজপথে প্রোগ্রাম করে আমি সেই প্রশ্ন রাখছি।
রাশেদ খাঁন বলেন, জুলাইয়ে এই শিশির মনিররা রাজপথে নামেননি। এমনকি জুলাইয়ের পক্ষে পোস্ট আছে কিনা, আমার সন্দেহ আছে। প্রোফাইল লাল পর্যন্ত করেননি। জামায়াত আমিরও প্রোফাইল লাল করেনি। আজ তারা দাবি করছে, জুলাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেপথ্যে থেকে ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, জামায়াত আমির রাজপথে একদিন নেমেছে, এমন একটা ভিডিও ছবি দেখাতে পারবে না। কিন্তু বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হয়েছে, সেই সাক্ষী সমন্বয়করা দিবে।
তিনি আরও প্রশ্ন করে বলেন, শিশির মনির যে আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হয়েছিল, জামায়াত এই ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করেছিল? নাকি জামায়াতের কাজই এমন, একদিকে খুনিদের পক্ষে অবস্থান নেওয়া, আবার যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার হত্যার প্রতিবাদে আন্দোলন করা। এরকম দ্বিচারিতার রাজনীতির জামায়াত শিবিরের রয়েছে।